পুতিনের বাড়িতে হামলার খবরে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী মোদী, শান্তি আলোচনায় মনোযোগ দেওয়ার আহ্বান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক্স হ্যাণ্ডেলে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টাই এই সংঘাতের অবসান ঘটানোর একমাত্র বাস্তব পথ।

প্রধানমন্ত্রী মোদী লেখেন, রুশ প্রেসিডেন্টের বাসভবনকে লক্ষ্য করে হামলার খবর অত্যন্ত উদ্বেগজনক। এমন সময়ে সব পক্ষের উচিত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগগুলির দিকেই মনোনিবেশ করা ও এমন কোনও পদক্ষেপ না নেওয়া, যা শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।

উল্লেখ্য, রাশিয়ার দাবি অনুযায়ী, মস্কোর উত্তরে নোভগোরোদ অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট পুতিনের একটি বাসভবন লক্ষ্য করে দীর্ঘপাল্লার অন্তত ৯১টি ইউক্রেনীয় ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। যদিও রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, সমস্ত ড্রোনই প্রতিহত করা হয়েছে ও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে তিনি সতর্ক করে বলেন, উপযুক্ত সময়ে জবাব দেওয়ার অধিকার রাশিয়া সংরক্ষণ করে ও চলমান শান্তি আলোচনায় তাদের অবস্থান পুনর্বিবেচনা করা হতে পারে।

লাভরভের মতে, এই হামলার অভিযোগ শান্তি প্রচেষ্টাকে বানচাল করার উদ্দেশ্যেই করা হয়েছে ও ইতিমধ্যেই প্রতিশোধমূলক হামলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, এই ঘটনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অবহিত করেন।

অন্যদিকে, ইউক্রেন এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে 'সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া' বলে অভিহিত করেছেন। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক মহলকে রাশিয়ার 'উসকানিমূলক বক্তব্যের' নিন্দা করার আহ্বান জানিয়ে বলেন, ইউক্রেন কেবলমাত্র বৈধ সামরিক লক্ষ্যবস্তুকেই আঘাত করে।

এই পরিস্থিতিতে ভারতের অবস্থান ফের একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী মোদী। দীর্ঘদিন ধরেই রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতির পক্ষে সওয়াল করে আসছে নয়াদিল্লি। চলতি মাসের শুরুতে নয়াদিল্লিতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, "ভারত নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে।" তিনি আরও বলেন, শুরু থেকেই ভারত শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে শান্তি প্রতিষ্ঠার সব ধরনের উদ্যোগে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

দশকের পর দশক ধরে ভারত ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে ভারত একদিকে যেমন মস্কোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে, তেমনই কিয়েভের সঙ্গেও সংলাপের সেতুবন্ধন তৈরি করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার অভিযোগকে 'সংবেদনশীল সময়ে অত্যন্ত অযাচিত' বলে মন্তব্য করেছেন। পাকিস্তানও এই ঘটনার নিন্দা জানিয়ে রাশিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত উভয় পক্ষের হাজার হাজার সেনার মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এই আবহে ভারতের বার্তা স্পষ্ট সংঘাত নয়, সংলাপই একমাত্র পথ, যুদ্ধ নয়, শান্তিই ভবিষ্যৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+