কবিগুরুর কবিতার বই, পঞ্চতন্ত্র উপহারে পেল মাস্কের সন্তানেরা, দিলেন খোদ মোদী
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে টেক বিলিয়নেয়ার ইলন মাস্ক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বৃহস্পতিবার। তবে এই বৈঠক যতটা না একান্ত বৈঠক ছিল, তার থেকেও বেশি ছিল পারিবারিক আলাপচারিতা। আমেরিকা সফরের মাঝে ইলন মাস্কের পরিবারের সঙ্গে একান্তে খানিকটা সময় কাটালেন নরেন্দ্র মোদী। এই সাক্ষাতে ইলন মাস্কের সঙ্গে ছিলেন তার বান্ধবী শিভন জিলিস ও তাদের তিন সন্তান।
ব্লেয়ার হাউসে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী মাস্কের সন্তানদের জন্য তিনটি বই উপহার দেন। এই বইগুলির মধ্যে ছিল নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের "দ্য ক্রিসেন্ট মুন", জনপ্রিয় লেখক আর কে নারায়ণের "দ্য গ্রেট আর কে নারায়ণ কালেকশন" এবং প্রাচীন ভারতীয় নীতিকথার সংকলন "পঞ্চতন্ত্র"। প্রধানমন্ত্রীর অফিসিয়াল 'এক্স' হ্যান্ডেল থেকে প্রকাশিত ছবিতে মাস্কের সন্তানদের এই বই নিতে এবং পড়তে দেখা গেছে।

তবে ভারতীয়দের কাছে, সর্বপরী বাঙালিদের কাছে এই বই শুধুমাত্র বই নয়। তিনটি বইয়ের মধ্যে দুটি বইয়ে রয়েছে বাঙালীর আবেগ, ভালবাসা, অনুভূতি। কেননা মোদীর পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ১৯১৩ সালের ৪০টি ইংরেজি কবিতার সংকলন বই 'দ্য ক্রিসেন্ট মুন'। শিশুদের জন্যেই ইংরেজিতে লিখেছিলেন কবিগুরু। আর সেই বই-এবার গেল টেক বিলিয়নেয়ারের সন্তানের হাতে। যারা হইত এখনও ঠিক করে ভারতের সঙ্গে পরিচিতও নয়, তাদের হাতেই সেই শিশুদের আবেগকে তুলে দিলেন মোদী।
তবে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নন, শিশুদের ছোটবেলায় জড়িয়ে রয়েছে পঞ্চতন্ত্রও। পঞ্চতন্ত্র থেকে যে নীতি শিক্ষা ছোটবেলায় শিশুদেরকে দেওয়া হয়, তাই তাঁদের ভবিষ্যতে চলার পথে পাথেয় হয়ে ওঠে। তারই ইংরেজি অনুবাদের বই মোদী দিয়ে এসেছেন মাস্কের সন্তানদের হাতে। এমনকি নারায়ণ কালেকশনেও রয়েছে ছোটবেলার কথা। অর্থাৎ মোদী ছোটবেলার সাথে জুড়ে থাকা বইগুলিই উপহার স্বরূপ দিয়ে এসেছেন ইলন মাস্কের সন্তানদের হাতে। যা দেখে উচ্ছ্বসিত গোটা দেশই।
এই সাক্ষাতের পর মোদী এক পোস্টে বলেন, "মিঃ ইলন মাস্কের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা আনন্দের ছিল"।
জানা গেছে, ২০২১ সালে ইলন মাস্ক তার ব্রেন টেকনোলজি স্টার্টআপ নিউরালিংকের এক নির্বাহী শিভন জিলিসের সঙ্গে যমজ সন্তানের জন্ম দেন। পরবর্তীতে মাস্ক নিশ্চিত করেন যে তাদের তৃতীয় সন্তানও হয়েছে।
প্রতিবেদন অনুসারে, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মাস্কের মোট ১২টি সন্তান রয়েছে। তার প্রথম সন্তানকে জন্ম দেন প্রাক্তন স্ত্রী জাস্টিন মাস্ক। তবে মাত্র ১০ সপ্তাহ বয়সে শিশুটি হঠাৎই মারা যায়। এরপর এই দম্পতির আরও পাঁচটি সন্তান হয় আইভিএফ পদ্ধতিতে। তারমধ্যে, যমজ গ্রিফিন ও ভিভিয়ান, এবং পরে তিন সন্তান - স্যাক্সন, ড্যামিয়ান ও কাই।
এরপর মাস্ক আরও তিনটি সন্তানের জন্ম দেন সংগীতশিল্পী গ্রিমসের সঙ্গে। তাদের সন্তানদের নাম রাখা হয় এক্স (X Æ A-12), ওয়াই (Exa Dark Sideræl Musk), এবং টেকনো মেকানিকাস (Techno Mechanicus), যাকে "টাউ" নামে ডাকা হয়। এই নিয়ে মাস্কের মোট ১২ সন্তান রয়েছে।
মোদী-মাস্ক বৈঠকের মূল বিষয়
প্রধানমন্ত্রী মোদী এই বৈঠককে "খুব ভালো" বলে অভিহিত করেছেন। উভয়ের মধ্যে প্রযুক্তি, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং উদ্ভাবন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মোদী বলেন, "আমি ভারতের সংস্কার প্রচেষ্টা এবং 'ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন' নীতির বিষয়ে ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছি"।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলির মধ্যে উদ্ভাবন, মহাকাশ গবেষণা, এবং স্থায়ী উন্নয়ন নিয়ে সহযোগিতার প্রসার নিয়ে কথা হয়েছে।
এই আলোচনায় ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা এবং বিদেশ সচিব বিক্রম মিস্রি উপস্থিত ছিলেন।
এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদীর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠিত হয়।












Click it and Unblock the Notifications