Pope Francis: ভালো নেই পোপ ফ্রান্সিস, নিউমোনিয়া সহ একাধিক রোগের সঙ্গে চলছে লড়াই
ভালো নেই ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। শনিবার সকাল থেকেই তাঁর অবস্থা সঙ্কটজনক হয়েছে। দীর্ঘক্ষণ হাঁপানির কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা তাঁর বৃদ্ধি পেয়েছে বলেই জানা যাচ্ছে।
শনিবার রাতে ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, পোপের উচ্চ অক্সিজেন প্রবাহের প্রয়োজন হয় এবং অ্যানিমিয়ার সমস্যা দেখা দিলে তাকে রক্তও দেওয়া হয়। তিনি এখনও বিপদমুক্ত নন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা।

বিবৃতি অনুসারে, ফ্রান্সিস আগের দিনের তুলনায় বেশি ব্যথা অনুভব করলেও, তিনি সতর্ক ছিলেন। তবে তারপর পরিস্থিতি জটিল হয়। আরও এক বিবৃতিতে বলা হয়, ৮৮ বছর বয়সী পোপের নিউমোনিয়ার সাথে সপ্তাহব্যাপী লড়াইয়ে একটি স্পষ্ট অবনতি লক্ষ্য করা গেছে। শুক্রবার চিকিৎসকরা জানিয়েছেন, পোপের অবস্থা তার জীবনের জন্য তাৎক্ষণিকভাবে কোনো হুমকি নয়, তবে তিনি সঙ্কটপূর্ণ রয়েছেন। তাকে কমপক্ষে আরও এক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে বলে মনে করছে চিকিৎসকেরা।
ভ্যাটিকান জানিয়েছে যে তিনি উভয় ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসকরা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য তার ওষুধ পরিবর্তন করেছেন।
পোপের চিকিৎসক দল তার অবস্থা সম্পর্কে তাদের প্রথম মেডিক্যাল বুলিটিনে জানিয়েছিলেন যে শুক্রবার পর্যন্ত, কোনো সেপসিসের প্রমাণ পাওয়া যায়নি এবং ফ্রান্সিস যে বিভিন্ন ওষুধ সেবন করছেন তাতে সাড়া দিচ্ছেন। দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে ভুগছেন পোপ ফ্রান্সিস। এক সপ্তাহ ধরে ব্রঙ্কাইটিসের মাত্রা বৃদ্ধির পর ১৪ ফেব্রুয়ারি তিনি জেমেলি হাসপাতালে ভর্তি হন। ডাক্তাররা প্রথমে জটিল ভাইরাল, ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত শ্বাসনালীর সংক্রমণ নির্ণয় করেন এবং পরে উভয় ফুসফুসে নিউমোনিয়ার সূত্রপাত ঘটে। ডাক্তাররা আরও জানিয়েছেন যে ফ্রান্সিসের সুস্থ হতে সময় লাগবে, এবং তাকে ভ্যাটিকানে তার দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের সমস্যা নিয়েই জীবনযাপন করতে হবে।
উল্লেখ্য, বুয়েনস আইরেসে জন্মগ্রহণকারী জর্জ মারিও বার্গোগলিও, ফ্রান্সিস ২০১৩ সাল থেকে বিশ্বের রোমান ক্যাথলিকদের আধ্যাত্মিক নেতা হিসাবে আসীন রয়েছেন। তিনি আমেরিকা মহাদেশের প্রথম পোপ এবং ৮ম শতাব্দীর পর থেকে প্রথম অ-ইউরোপীয় পোপ। স্বাভাবিক ভাবেই পোপ ফ্রান্সিস গুরুতর অসুস্থ হতেই তাঁর সুস্বাস্থ্যের কামনা করে বিভিন্ন গীর্জায় গীর্জায় চলছে প্রার্থনা। প্রভুর যীশুর কাছে তাকে সুস্থ করে দেওয়ার প্রার্থনায় করছেন ভক্তরা।












Click it and Unblock the Notifications