দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক জি২০ সম্মেলনে যোগ দিতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী মোদী, কী কী রয়েছে অ্যাজেন্ডায়?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এদিন তাঁকে উষ্ণ ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতেই তাঁর এই সফর।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সির মন্ত্রী খুম্বুদজো এনটশ্যাভেনি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ঐতিহ্যবাহী নৃত্য ও গানের মাধ্যমে একটি সাংস্কৃতিক দল তাঁকে বরণ করে নেয়। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, "জি-২০ শীর্ষ সম্মেলন সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে জোহানেসবার্গে পৌঁছেছি। বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছি।"

বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অ্যালবানিজ সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণ এবং সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ভারতীয়দের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, আফ্রিকায় এই প্রথম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং ২০২৩ সালে ভারতের সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়ন জি-২০ এর সদস্য হয়। এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানান, বৈঠকের মূল লক্ষ্য হবে "সহযোগিতা জোরদার করা, উন্নয়নের অগ্রাধিকারগুলো এগিয়ে নেওয়া এবং সকলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা।"
দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'বসুধৈব কুটুম্বকম’ এবং 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ দর্শনের সঙ্গে সঙ্গতি রেখে ভারত এই শীর্ষ সম্মেলনে নিজেদের মতামত তুলে ধরবে। জি-২০ শীর্ষ সম্মেলন ছাড়াও, মোদী ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ত্রিপাক্ষিক গোষ্ঠী ইবসা (IBSA)-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন।
তিনি আরও উল্লেখ করেন যে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় প্রবাসীদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন। যা ভারতের বাইরে অন্যতম বৃহত্তম প্রবাসী সম্প্রদায়। প্রধানমন্ত্রী এই শীর্ষ সম্মেলনের জন্য জোহানেসবার্গে উপস্থিত কিছু নেতার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও করবেন।
প্রধানমন্ত্রী মোদী জি-২০ শীর্ষ সম্মেলনের তিনটি সেশনেই ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। এই সেশনগুলির মধ্যে রয়েছে "অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি যা কাউকে বাদ দেবে না: আমাদের অর্থনীতি নির্মাণ, বাণিজ্যের ভূমিকা, উন্নয়নের জন্য অর্থায়ন এবং ঋণের বোঝা।"
অন্য দুটি সেশন হল "একটি স্থিতিস্থাপক বিশ্ব – জি-২০ এর অবদান: দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন, ন্যায্য শক্তি রূপান্তর, খাদ্য ব্যবস্থা" এবং "সকলের জন্য একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ: গুরুত্বপূর্ণ খনিজ, শালীন কাজ, কৃত্রিম বুদ্ধিমত্তা।"












Click it and Unblock the Notifications