PM Modi Sri Lanka Visit: ৩ দিনের শ্রীলঙ্কা সফরে মোদী, চিনকে নজরে রেখে প্রতিরক্ষায় শান; আর কী কী কর্মসূচি?
PM Modi Sri Lanka Visit: থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন সেরে এবার শ্রীলঙ্কায় নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলেই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনদিনের শ্রীলঙ্কা সফরে দুই দেশের প্রতিরক্ষা চুক্তি ও শক্তি উৎপাদন, বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা তরান্বিত করতে জোর দেবেন মোদী। এদিন কলম্বোয় অবতরণের পরই বিশেষ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে।
মোদীকে স্বাগত জানাতে বৃষ্টি উপেক্ষা করেই শ্রীলঙ্কার ছয় জন শীর্ষ মন্ত্রী বিমানবন্দরে উপস্থিত হন। মন্ত্রীদের মধ্যে ছিলেন বিজিতা হেরাথ, নালিন্দা জয়াতিসা, অনিল জয়ন্ত, রামালিঙ্গম চন্দ্রশেখর, সরোজা সাবিত্রী পলরাজ ও ক্রিশন্থা আবেসেনা।

মন্ত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করে মোদী জানান, "কলম্বোয় অবতরণ করলাম। উষ্ণ অভ্যর্থনার জন্য মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের ধন্যবাদ।" কলম্বোর যে হোটেলে মোদী থাকবেন, তার বাইরে দেশের প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় জমান উৎসুক প্রবাসী ভারতীয়রা। তাদের অভিবাদন জানান মোদী।
কলম্বোর হোটেলে রামায়ণের উপর শিল্পী নালিন গামওয়ারির তৈরি পুতুলনাচও উপভোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্পী ও তাঁর সংস্থাকে কুর্নিশ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন মোদী। তিন মাস আগেই নয়াদিল্লিতে এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এ কে দিশানায়েক। এদিন বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, মোদীর এই সফর ভারত শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্কে ঐতিহাসিক হয়ে থাকবে। ভারত ও শ্রীলঙ্কা প্রতিরক্ষায় সহাবস্থান সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলে জানান বিক্রম মিশ্রি।
৩৫ বছর আগে শ্রীলঙ্কা থেকে ভারতের শান্তিরক্ষী বাহিনী তুলে নেওয়া হয়েছিল। সেই তিক্ত অতীত ভুলে এবার প্রতিরক্ষায় দুই দেশ চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলে জানান বিদেশ সচিব। ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করছে চিন। গত ২০২২ সালে শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দরে চিনা মিসাইলের নোঙর করা ও স্যাটেলাইট ট্র্যাকিং জাহাজ 'ইউয়ান ওয়াং'-এর নজরদারি নিয়ে রীতিমতো কলম্বো ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক জটিলতা বড় আকার নেয়। গত ২০২৩ সালেও কলম্বো বন্দরে চিনের যুদ্ধজাহাজ নোঙর করেছিল। এই আবহে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের প্রতিরক্ষা চুক্তি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
কলম্বোয় ভারত সরকারের সহায়তায় একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মোদী ও দিশানায়েক। সামপুর সৌরবিদ্যুৎ শক্তি কেন্দ্র নির্মাণ প্রকল্পেরও ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানের ভার্চুয়াল সূচনা করবেন দুই রাষ্ট্রপ্রধান। দ্বিপাক্ষিক সম্পর্কে যা মাইলফলক হয়ে থাকবে বলে ব্যাখ্যা করলেন বিক্রম মিশ্রি। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মৎস্যজীবীদের সমস্যার কথাও জানাতে পারেন মোদী। এছাড়াও শ্রীলঙ্কার একাধিক রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ সারবেন ভারতের প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications