এমার্জেন্সি গেট খোলার চেষ্টা- ক্রুকে হত্যার চেষ্টা, বিমানে ফের তাণ্ডব মদ্যপ যাত্রীর
অভিযুক্ত বিমানযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ
ফের বিমানে তাণ্ডব যাত্রীর। তবে ভারতগামী নয় এবার ঘটনাটি ঘটেছে বিদেশী উড়ানে। ব্রিটেন থেকে আমেরিকা গামী বিমানে তাণ্ডব চালিয়েছে এক যাত্রী। বিমান যখন মধ্য গগণে তখন বিমানের এমার্জেন্সি গেট খোলার চেষ্টা করেন ওই যাত্রী। তাকে বাধা দিতে গেলে ক্রু-কেও হামলা করেন ওই যাত্রী। এই নিয়ে হুলুস্থূল কাণ্ড বেধে যায়।

আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে বস্টন যাচ্ছিল উড়ানটি। ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটিতে ওই যাত্রী অস্ত্র নিয়েও উঠেছিল বলে অভিযোগ। বিমানটি বস্টন বিমানবন্দরে অবতরণের পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিমানের ক্রুকে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে তার উপরে। রবিবার বিকেলে ঘটেছে ঘটনাটি।
জানা গিয়েছে টরস নামে ওই যাত্রী বস্টন বিমানবন্দরে বিমানটি অবতরণের ঠিক ৪৫ মিনিট আগে এমার্জেন্সি ডোরটি খোলার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে বিমানে অ্যালার্ম বেজে ওঠে। তারপরেই ছুটে আসেন বিমানের ক্রু। যাত্রীকে বাধা দিতেই অভিযুক্ত যাত্রী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করার চেষ্টা করেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে সেই কেবিন ক্রু অভিযোগ জানান পাইলটকে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। তারপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বিমানে। ভারত গামী একাধিক উড়ানে বিমানের মধ্যে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটেছিল আমেরিকার নিউ ইয়র্ক থেকে দিল্লি গামী উড়ানে বিজনেস ক্লাসে এক সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন অপর এক যাত্রী। তিনি বিমানে মদ্যপ অবস্থায় ছিলেন। প্রথমে বিমান সংস্থার পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। তারপরে এক সহযাত্রী ঘটনাটি প্রকাশ্যে আনতেই সেটি জানাজানি হয়। বিমান সংস্থাকে মোটা টাকা জরিমানা দিতে হয়েছে তার জন্য। এমনকী বিমানের পাইলট এবং ক্রুর বিরুদ্ধেও পদক্ষেপ করা হয়েছে।
তার পরেই কয়েকদিন আগে একই ধরনের ঘটনা ঘটেছে বিমানে। সেই বিমানটিও দিল্লি আসছিল আমেরিকা থেকে। এক ভারতীয় ছাত্র মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছিল। তারপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। কয়েক মাস তাঁর উড়াণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ কোনও উড়ানেই সেই যাত্রী আগামী কয়েকমাস সফর করতে পারবেন না বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications