তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই নতুন করে কড়া প্রতিক্রিয়া জানাল পাকিস্তান। তেহরানে তাদের দূতাবাসের আশেপাশে সাম্প্রতিক হামলার ঘটনা ঘটার পর থেকে ইজরায়েলকে সরাসরি সতর্ক করে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের বক্তব্য যে, তাদের কূটনীতিকের যদি কোনও ক্ষতি হয় তাহলে তার ফল অত্যন্ত গুরুতর হবে।

পাকিস্তান সমর্থিত একটি কৌশলগত ফোরামের বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, "আমাদের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে কোনোরকম আপস করা হবে না। বিশ্বের যে কোনও জায়গাতে যদি তাদের ওপর কোনোরকম আঘাত আসে, তাহলে কঠোরভাবেই তার জবাব দেওয়া হবে।" সেইসঙ্গে অন্য দেশের মতো চুপ করে থাকার পথ তারা নেবে না বলেও ইঙ্গিত দিয়েছে।
সূত্রের খবর অনুসারে, তেহরানের একটি সংবেদনশীল এলাকায় সম্প্রতি বোমাবর্ষণ হয়। যা পাকিস্তানের দূতাবাস এবং কূটনীতিকদের আবাসনের খুব কাছাকাছি ছিল। যদিও কোনও পাকিস্তানি কূটনীতিক সেই ঘটনায় আহত হননি, তবুও জানা গিয়েছে যে কাছাকাছি থাকা বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলাটি হওয়ার পর পরই পাকিস্তানের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। তাদের দাবি যে, এই পরিস্থিতিটি অত্যন্ত উদ্বেগজনক এবং আন্তর্জাতিক কূটনৈতিক নীতির পরিপন্থী। বিশেষ করে যখন তারা ইরান এবং আমেরিকার মধ্যে চলতে থাকা সংঘাতে মধ্যস্থতার ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, তখন এরকম ধরনের হামলা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে বর্তমানে আমেরিকা এবং ইজরায়েলের সাথে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। যেখানে একদিকে হামলা এবং পাল্টা হামলা চলছে, সেখানে অন্যদিকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন দেশ কূটনৈতিক পথে সমাধান খোঁজার চেষ্টা করে চলেছে। আর পাকিস্তানও সেই প্রেক্ষাপটেই আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা চালাচ্ছে।
অন্যদিকে ইরান, ইতিমধ্যেই আমেরিকার মিত্র দেশগুলির বিভিন্ন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার অভিযোগে অভিযুক্ত রয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, তারা নিজেদের স্বার্থ অথবা নিরাপত্তা নিয়ে কোনওভাবেই আপস করবে না। তেহরানের এই ঘটনার পর থেকে কূটনৈতিক টানাপোড়েনের সঙ্গে সামরিক উত্তেজনাও নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications