Pakistan: ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, শিমলা চুক্তিও খারিজ পাকিস্তানের; পহেলগাঁও নিয়ে 'দায়' অস্বীকার!
Pakistan: পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। তার ২৪ ঘণ্টা না পেরোতেই এবার ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করার ঘোষণা পাকিস্তানের। বুধবারই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি ছিন্ন করার কথা ঘোষণা করে ভারত। আর এবার পাল্টা ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত পাকিস্তানের। নিজেদের আকাশসীমায় ভারতের বিমানকেও নিষিদ্ধ করল পাকিস্তান।
১৯৭১ এর ইন্দো পাকিস্তান যুদ্ধের পর ১৯৭২ এ স্বাক্ষরিত সিমলা চুক্তিও সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে পাকিস্তান। ভারত তাদের অবস্থান থেকে না সরা পর্যন্ত সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত পাকিস্তানের। এদিন পাক সরকারের বিশিষ্ট মন্ত্রী ও স্থল-বায়ু-নৌ সেনা প্রধানদের দিয়ে বৈঠক সারেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সরকারি বৈঠকের পরই ভারতের বিরুদ্ধে উক্ত পদক্ষেপ ঘোষণা পাকিস্তানের।

অন্যতম গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি শিমলা চুক্তি। এই চুক্তির ফলেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা নির্ধারণ করা হয়েছিল। যুদ্ধবিরতি চলাকালীন দুই দেশের সেনাবাহিনী অবস্থান বদল করতে পারবে না। নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনও করতে পারবে না কোনও দেশ। সেই চুক্তি থেকেই সরে আসার কথা জানিয়েছে পাকিস্তান। এদিকে অন্য কোনও দেশে বাণিজ্যের জন্যও তাদের ভূখণ্ড ব্যবহারে ভারতকে নিষিদ্ধ ঘোষণা পাকিস্তানের।
সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে পাকিস্তানের দাবি, ভারতের সিন্ধু চুক্তি বন্ধের সিদ্ধান্ত তারা সমর্থন করে না। ২৪ কোটি পাকিস্তানির লাইফলাইন এই নদের জল। নদীপথে কোনওরকম নিয়ন্ত্রণকে যুদ্ধের ইঙ্গিত হিসেবে ধরা হবে বলে জানিয়েছে পাকিস্তান। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে বিবৃতিও জারি করেছে পাকিস্তান। বিবৃতিতে দাবি, "পাকিস্তানের সার্বভৌমত্ব, নিরাপত্তায় যারাই আঘাত হানবে, তাদের কড়া প্রত্যাঘাত সইতে হবে।"
প্রসঙ্গত, বুধবারই রাতে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করেছে বিদেশমন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি জরুরি ভিত্তিতে বন্ধ করা হয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত। ৪৮ ঘণ্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়তে হবে। ভারতে পাক হাইকমিশন বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়। পাক নাগরিকদের ভিসা দেওয়া হবে না বলেও জানিয়ে দেয় ভারত।












Click it and Unblock the Notifications