সন্ত্রাসবাদের বিরুদ্ধে হঠাৎ অভিযান! খুঁজে খুঁজে ৩০ জঙ্গিকে খতম করল পাকসেনা
Pakistan Security Force: পরপর জঙ্গি নিধন চালাল পাকিস্তান। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় ৩০ জঙ্গিকে খতম করেছে পাক সেনা। আলাদা আলাদা তিনটি জায়গায় জঙ্গিনিধন চালানো হয়েছে বলে সূত্রের খবর।
ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (ISPR) সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শুক্রবার বিশেষ অভিযান চালানো হয়। খবর ছিল, কোথায় কোথায় লুকিয়ে আছে জঙ্গিরা।

আর সেই খবরের ভিত্তিতে এই প্রত্যাঘাত জঙ্গিদের উপর চালায় পাকিস্তান সেনা। সে দেশের খবর অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া যায়। এরপরেই শুরু হয় অভিযান (Pakistan Security Force)।
অভিযান চলাকালীন পাক সেনা ১৮ জন জঙ্গিকে নিধন করে, আহত হয় ৬ জন। এছাড়া কারক জেলাতেও জঙ্গিদের উপস্থিতির খবর আসে সেনাবাহিনীর কানে। সেখানেও ৮ জঙ্গিকে মেরে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও খাইবার জেলার একাংশে জঙ্গিদের উপর হামলা চালায় পাক সেনা। সেখানে চার জঙ্গির মৃত্যু হয় বলে সূত্রের খবর।
জঙ্গিনেতা আজিজ উর রহমান কারি ইসমাইল ও খারজি মুখিলসকেও নিকেশ করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। একাধিক অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর। জানা গিয়েছে, ওই জঙ্গিরা এলাকায় নানা ধরনের কার্যকলাপ চালাচ্ছিল। সাধারণ মানুষের প্রাণের ঝুঁকি তৈরি হয়েছিল।
পাক সেনার বিবৃতিতে জানা গিয়েছে, জঙ্গিদের নিশানা করে অপারেশন চালায় তারা। দোসালি এলাকার পাশাপাশি অভিযান চালানো হয় উত্তর ওয়াজিরিস্তান জেলার এশামে। সেখানেও চলে ব্যাপক গুলির লড়াই। একে একে তিন জঙ্গিকে নিকেশ করা হয়। আহত হয় ২ জন।
এর আগে গত ১১ জানুয়াপি মাড্ডি ডেরা নামক অঞ্চলে শফিউল্লাহ শাফি নামে এক জঙ্গি নেতাকে হত্যা করা হয়। এছাড়াও আইএসপিআর-এর বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গি ডেরা খুঁজে খুঁজে পাক সেনা এই অপারেশন চালিয়েছে। এই অভিযান পাক সেনার কাছে বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। পাক সেনা জানাচ্ছে, আগামীদিনে এই সংক্রান্ত আরও অভিযান চালানো হবে।
বলে রাখা প্রয়োজন, ঘরে জঙ্গি পুষে রাখার ফল ভুগছে পাকিস্তান। গত কয়েকমাসে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। এমনকি আফগানিস্তান থেকেও পাকিস্তানের বুকে হামলার ঘটনা ঘটেছে। এই অবস্থায় বড় পদক্ষেপ সে দেশের সরকারের।












Click it and Unblock the Notifications