দেউলিয়া পাকিস্তান ফের সেনা শাসনের দিকে এগোচ্ছে? কী ইঙ্গিত দিলেন আব্বাসি!
স্বাধীনতার পর থেকে গত ৭৫ বছরে পাকিস্তান বারবার সেনা শাসন দেখেছে। নির্বাচিত সরকারকে বারবার সরিয়ে সেদেশে ক্ষমতায় এসেছে সেনা। এবারও কি নতুন করে একই ঘটনা পুনরাবৃত্তি হতে চলেছে অর্থাভাবে ভুগতে থাকা, প্রায় দেউলিয়া হতে বসা পাকিস্তানের?
পাকিস্তানের অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যা থামবার নয়। ফের একবার পাকিস্তানের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। ফলে সেনা ফের সরকারের দখল নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসি।

পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) দলের নেতা শাহিদ খাকন আব্বাসি মনে করছেন, প্রশাসন বিফল হলে সেনার শাসন কায়েম হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের মধ্যে বিরোধও ও সমাধানে না পৌঁছনো সেনা শাসনের সূত্রপাত ঘটিয়েছে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান চূড়ান্ত আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। দেউলিয়া অবস্থা শাহবাজ শরিফ সরকারের। আর্থিক সমস্যা থাকায় সামাজিক সমস্যাও বেড়েছে পাকিস্তানে। মানুষের হাতে টাকা নেই, রোজগার নেই। জিনিসপত্রের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস আমজনতার।

পাকিস্তানকে আন্তর্জাতিক সংস্থার থেকে টাকা ধার করতে হচ্ছে। পাকিস্তানের ফরেক্স কমে মাত্র ৪০০ কোটি ডলারে এসে থেমেছে। ডলারের তুলনায় পাকিস্তানি মুদ্রার মূল্য অস্বাভাবিক কমে গেছে। ফলে যত দিন যাচ্ছে তত সমস্যায় তলিয়ে যাচ্ছে পাকিস্তান।
অন্যদিকে ইমরান খান সরকার পড়ে যাওয়ার পর পাকিস্তানে নয়া শাহবাজ শরিফ সরকার এসেছে। তারপর থেকে সেদেশের আর্থিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেউলিয়া অবস্থা থেকে আইএমএফ পাকিস্তানকে টেনে বের করতে পারে কিনা তা সময় বলবে। তবে সেনা শাসন যে ফের সম্ভব পাকিস্তানে তার ইঙ্গিত নতুন করে আসতে চলেছে।

এর মাঝেই পাকিস্তান সরকারের সঙ্গে বিচারব্যবস্থার লাগাতার বিরোধ চলছে। সুপ্রিম কোর্ট (প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর) বিল ২০২৩ মোতাবেক পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমকা খর্ব করতে চাইছে শাসক দল। যদিও সেই বিল রাষ্ট্রপতি আরিফ আলভির কাছে গেলে তিনি তা ফের পাঠিয়ে দিয়েছেন।
আব্বাসির কথায়, এই মুহূর্তে পাকিস্তান সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এর থেকে ভালো অবস্থা যখন ছিল, তখনও সেনা সরকার দখল করেছে। তবে পাকিস্তানি সেনা হয়ত এই মুহূর্তে সরকারে আসার কথা ভাবছে না। যদি দেখা যায় একেবারেই কোনও উপায় নেই, তাহলে হয়ত ফের পাকিস্তানে সেনার শাসন দেখা যাবে।












Click it and Unblock the Notifications