ইমরান খানের অবস্থা জানতে উত্তাল পাকিস্তান, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
পাকিস্তানের রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা। আদিআলা জেলে বন্দি ইমরান খানের মৃত্যুকথা ঘিরে ছড়ানো গুজবের জেরে আজ পথে নামছেন পিটিআই কর্মী সমর্থকরা। শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে জোরদার বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে দলটি।
ইসলামাবাদ হাইকোর্টের সামনে আজ সমাবেশে বসবেন পিটিআই এর সংসদ সদস্যরা। অন্যদিকে, আদিআলা জেলের প্রবেশপথে অবস্থান বিক্ষোভ করবেন ইমরান খানের বোনেরা ও তাঁদের সমর্থকরা। পরিস্থিতি আঁচ করে জেল এলাকার চারদিকে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন।

ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে ছয়জন আইনজীবীর একটি তালিকা ইতিমধ্যেই জেল কর্তৃপক্ষকে দিয়েছে পিটিআই। পাশাপাশি, গোটা পাকিস্তান থেকে সমর্থকদের আদিয়ালা জেলের সামনে জড়ো হওয়ার ডাক দিয়েছে দলটি।
এই আবহেই রাওয়ালপিন্ডিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। আদিআলা জেলের দিকে যাওয়ার সব রাস্তা সিল করে দিয়েছে পুলিশ। গোটা প্রদেশজুড়ে নিরাপত্তা সংস্থাগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোয়েল আফ্রিদির অভিযোগ তাঁকে বারবার ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি সরাসরি জেলের সামনে গিয়ে প্রতিবাদ জানান ও হুঁশিয়ারি দেন, ''ইমরান খানের প্রকৃত অবস্থার খবর না দিলে সারা পাকিস্তানজুড়ে আরও বড় আন্দোলন হবে।''
পিটিআই কানাডার অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও কড়া ভাষায় বলা হয়েছে "অক্টোবরের পর ২৮ দিন কেটে গেল, অথচ ইমরান খানের একটিও বৈঠক অনুমোদন করেনি সরকার। এটি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই অবরোধ তৎক্ষণাৎ তুলে নেওয়া উচিত।"
এর মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইমরান খানের মৃত্যু নিয়ে নানান অসত্য দাবি। পরিস্থিতি আরও জটিল হয় যখন বেলুচিস্তান বিদেশ মন্ত্রক অভিযোগ তোলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সেনাপ্রধান আসিম মুনির নাকি যৌথভাবে ইমরান খানের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র করেছে আদিয়ালা জেলের ভেতরেই।
অভিযোগ, পাল্টা অভিযোগ আর উত্তেজনার ঢেউয়ের মাঝেই আজ সেদেশের রাজনীতি কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications