সারা বিশ্বে সন্ত্রাসবাদ তৈরির কারখানার নাম পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জে বিস্ফোরক ভারত
সীমান্ত পার সন্ত্রাসে পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করার পাশাপাশি ভারত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে জানিয়েছে, সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর কারখানা হয়ে উঠেছে পাকিস্তান।
জেনেভা, ১৫ মার্চ : রাষ্ট্রপুঞ্জে সন্ত্রাসবাদ প্রসঙ্গে ফের একবার পাকিস্তানকে তুলোধোনা করল ভারত। সীমান্ত পার সন্ত্রাসে পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করার পাশাপাশি ভারত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে জানিয়েছে, সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর কারখানা হয়ে উঠেছে পাকিস্তান।
জেনেভায় আয়োজিত রাষ্ট্রপুঞ্জের সভায় ভারতের বক্তব্য, বিশ্বের সন্ত্রাসবাদ কারখানা হয়ে ওঠার পাশাপাশি নিজের দেশের সংখ্যালঘুদের উপরেও অত্যাচার করে চলেছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের সভায় ভারতীয় কূটনীতিবিদ নবনীতা চক্রবর্তী এদিন এই বক্তব্য তুলে ধরেছেন।

বলা হয়েছে, ভারতে সংখ্যালঘুদের মধ্য থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন। পাকিস্তানের সংখ্যালঘুদের এর ন্যূনতমও কী আশা করতে পারেন? সেদেশে প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়ে চলেছে বলে রাষ্ট্রপুঞ্জে জানিয়েছে ভারত।
ভারতীয় কূটনীতিবিদ নবনীতা চক্রবর্তীর আরও বক্তব্য, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করিয়ে ও সীমান্ত পার সন্ত্রাস চালিয়ে জম্মু ও কাশ্মীরের পরিবেশকে অশান্ত করে রেখেছে পাকিস্তান। পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে মদত দিয়ে চলেছে। ফলে এর বিরুদ্ধে লড়াই করে জম্মু ও কাশ্মীরের জনগণের মানবাধিকারকে রক্ষা করাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
এদিন রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে জবাব দিতে দিয়ে ফের একবার কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী দেশকে হুঁশিয়ারি দিয়ে ভারত জানিয়েছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এবং সেখানকার সমস্তকিছুই ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তানের বরং উচিত অবৈধভাবে দখল করা অধীকৃত কাশ্মীরকে ছেড়ে দেওয়া।












Click it and Unblock the Notifications