Bangladesh: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ইউনুস, আজ কেন্দ্রীয় সমাবেশের ডাক BNP-র
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। গতকাল সেনা প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্যদের বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। যদিও ছাত্ররা আগেই ইউনুসের কাছে আর্জি জানিয়েছিলেন। এবং তাতে রাজি হয়েছিলেন তিনি।
গত সোমবার হাসিনা সরকারের পতন হয় বাংলাদেশে। তীব্র ছাত্র বিক্ষোভের জেরে কয়েকঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সেখান থেক কপ্টারে ভারতের ত্রিপুরায় আসেন তিনি। সেখান থেকে বাংলাদেশের বায়ুসেনার পণ্যবাহী বিমানে করে ভারতের গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে অবতরণ করেন তিনি।

ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন তিনি। কিন্তু ব্রিটেন সরকার তা খারিজ করে দেয়। তারপর থেকে ভারতেই গোপন আস্তানায় রয়েছেন তিনি। এমনকী আমেরিকাও হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আর্জি খারিজ করে দিয়েছে। ফলে এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন তিনি।
এদিকে হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশে কার্যত হত্যালীলা চলছে। ঢাকা থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলে ভেঙে জঙ্গিদের পালানো একের পর এক ঘটনা ঘটে চলেছে। বাংলাদেশের গণভবন, সংসদ ভবনে লুঠ চালানো হয়েছে। একের পর এক আওয়ামি লিগের কর্মী সমর্থকদের বাড়ি পুড়িয়ে হত্যা করা হচ্ছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে থানা। পুলিশদের থানা থেকে টেনে বের করে হত্যা করা হচ্ছে।
বাংলাদেশে হত্যালীলা থামছে না। এদিকে হাসিনা দেশ ছাড়তেই মুক্ত বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। দুর্নীতি মামলায় ২০১৮ সাল থেকে জেলে রয়েছেন তিনি। ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। হাসিনা দেশ ছাড়তেই রাষ্ট্রপতি খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দেন। সেই মতো গতকাল জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
তারপরেই ঢাকায় ফিরতে শুরু করেছেন একের পর এক বিএনপি নেতা। বাংলাদেশের অশান্তির আবহেই শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। বুধবারেই তারা ঢাকায় কেন্দ্রীয় সমাবেশের ডাক দিয়েছেন। সেখানে খালেদা জিয়ার ছেলে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। বিএনপির এই সক্রিয়তা নতুন জল্পনা বাড়িয়ে দিয়েছে।
অনেকেই প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন তাহলে কি ইউনুস কেবল দর্শকের আসনে বসে থাকবেন। আসল ক্ষমতায় বিএনপির হাতে চলে যাবে। যদিও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন আগেই জানিয়ে দিয়েছিল অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। কারণ তাঁরা বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক সরকার চান।












Click it and Unblock the Notifications