Iran-Israel: মোদীকে ফোন নেতানিয়াহুর, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর পরামর্শ ভারতের প্রধানমন্ত্রীর
ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুক্রবার রাতে এই ফোনালাপ হয়েছে। সেখানে নেতানিয়াহু ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতি সম্পর্কে মোদীকে অবহিত করেন। এর জবাবে প্রধানমন্ত্রী মোদী এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর জোর দেন এবং ভারতের গভীর উদ্বেগের কথা জানান।
এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী লেখেন, 'ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছ থেকে ফোন পেয়েছি। তিনি আমাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি ভারতের উদ্বেগ প্রকাশ করেছি এবং এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার কথা বলেছি।'

ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে 'অপারেশন রাইজিং লায়ন' নামে একটি অভিযান শুরু করেছে। এই অভিযানে ইরানের শীর্ষ সেনাকর্তা এবং বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে খবর। ইজরায়েল দাবি করছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে এটি একটি পূর্বপ্রস্তুতিমূলক এবং সুনির্দিষ্ট হামলা।
এর আগে ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে ইজরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক ঘটনাক্রমে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যার মধ্যে পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলার খবরও রয়েছে। ভারত উভয় পক্ষকে উত্তেজনা বৃদ্ধি না করার আহ্বান জানিয়েছে এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে পরিস্থিতি নিরসনের আবেদন জানিয়েছে।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। একইসঙ্গে, ইরান ও ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং স্থানীয় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারত পরিস্থিতি শান্ত করতে এবং কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে নিজেদের ভূমিকা পালনে বদ্ধপরিকর। সেটাই নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রী মোদী তুলে ধরেছেন।












Click it and Unblock the Notifications