ফের ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আতঙ্কে কম্পমান মানুষ
চলতি মাসেই তৃতীয়বার ভূমিকম্প হয়ে যাওয়ায় মেক্সিকোয় প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিন ফের ভূমিকম্পে কেঁপে ওঠে মেক্সিকোর ওয়াক্সাকা।
ফের প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো সিটি। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মেক্সিকোর রোমেরো শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ওয়াক্সাকা প্রদেশে। এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। চলতি মাসেই পর পর দু'টি ভূমিকম্পে চার শতাধিক মানুষের মৃত্যু হয় মেক্সিকোতে।

এদিন ভূমিকম্পের আধঘণ্টা পর অর্থাৎ সাতটা নাগাদ ফের একবার কেঁপে ওঠে মেক্সিকোর বিস্তীর্ণ অঞ্চল। এবার তীব্রতা ছিল ৪.৮। এই কম্পনকে আফটার শক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিনের ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। চলতি মাসেই তৃতীয়বার ভূমিকম্প হয়ে যাওয়ায় মেক্সিকোয় প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার মেক্সিকোয় ভূমিকম্পে তিন শতাধিক মানুষ প্রাণ হারান। ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। এই ভূমিকম্পের উদ্ধারকার্য এখনও শেষ করে উঠতে পারেননি উদ্ধারকারীরা। তারই মধ্যে ফের ভূ-কম্পন। ভূমিকন্প অনুভূত হতেই এদিন বন্ধ করে দেওয়া উদ্ধার কাজ। নতুন করে কিছু ক্ষতক্ষতি হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।
এর আগে গত ৭ সেপ্টেম্বর মেক্সিকোর প্রশান্ত মহাসগরীয় উপকূলে ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পেও প্রভুত ক্ষতি হয়েছিল। মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল ম্যানসেরা জানান, নতুন করে ক্ষতি হওয়ার তো আর কিছু নেই। দু-দিন আগের ভূমিকম্পই ধ্বংসলীলা চালিয়ে সব শেষ করে দিয়েছে। ভেঙে পড়েছে সব ঘরবাড়ি।












Click it and Unblock the Notifications