ভারী বৃষ্টিতে ভাসছে মক্কা-মদিনা, রেড অ্যালার্ট জারি সৌদি আরব জুড়ে
সোমবার জেদ্দা শহর এবং এর আশেপাশের এলাকা সহ মক্কা ও মদিনা অঞ্চলের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি শুরু হয়েছে। সৌদির সংবাদ মাধ্যম সূত্রে এই খবর প্রকাশ্যে এসেছে।
পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের মতে, আল-শাফিয়াহ সর্বোচ্চ ৪৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে। তারপরে জেদ্দার আল-বাসাতিনে ৩৮ মিমি বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের পরিমাপের মধ্যে রয়েছে মদিনার মসজিদে নববীর এলাকা, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৩৬.১ মিমি এবং কুবা মসজিদের কাছে বৃষ্টির পরিমাণ ২৮.৪ মিমি।

মঙ্গলবার সকাল পর্যন্ত মক্কা, মদিনা, কাসিম, তাবুক, উত্তর সীমান্ত এবং আল-জুফ অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মন্ত্রণালয়। ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) বৃষ্টির পূর্বাভাস নিশ্চিত করেছে এবং জনসাধারণকে নিরাপত্তা সতর্কতার জন্য পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে।
জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের ফ্লাইটের সময়সূচী আপডেটের জন্য তাদের এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। এনসিএমের মুখপাত্র হুসেইন আল-কাহতানি, সকল যাত্রীদের সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। এছাড়াও জাজান শহর এবং ফারাসান দ্বীপপুঞ্জ, আল-দারব এবং বেশ এই এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার জন্যে সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয়দের। এমনকি প্রচন্ড হাওয়ার গতিবেগের জন্যে দৃশ্যমান্যতার অভাব থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
জেদ্দার মেয়র বৃষ্টির পরিস্থিতি পরিচালনা করার জন্য দল এবং সরঞ্জাম মোতায়েন করেছে। তাঁদের মধ্যে ৪,০৩২ জন কর্মী এবং ১,৮১১ টি সরঞ্জাম সহ ১১টি পৌরসভা এবং ১৫টি সহায়তা কেন্দ্র সক্রিয় রয়েছে এই সময়। জনসাধারণকে সতর্কতা অবলম্বন করার জন্য, জলাবদ্ধ এলাকা এবং বৈদ্যুতিক বিপদ এড়াতে বারবার অনুরোধ করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে।
জেদ্দা অঞ্চল সহ সৌদি আরবের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা সৌদি আরবের চেনা ছবিকে একেবারে বদলে দিয়েছে। এমন বিধ্বস্ত সৌদি আরব আগে দেখা যায়নি বলেই অনেকে কমেন্টে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications