'ভারতের প্রতিনিধি' হয়ে সোমবার লন্ডনে ভারতীয় হাই কমিশনে যাবেন মমতা! যোগ দেবেন বাণিজ্য সম্মেলনেও
Mamata Banerjee: আজ সোমবার থেকে লন্ডনে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার লন্ডনে পৌঁছন তিনি। প্রথমদিনে তেমন কর্মসূচি ছিল না। কিন্তু আজ থেকে ব্যাক টু ব্যাক মুখ্যমন্ত্রীর কর্মসূচি আছে। জানা যাচ্ছে, লন্ডনের ভারতীয় হাই কমিশনের একটি অনুষ্ঠান আছে। প্রথমদিনেই সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে প্রশাসনিক প্রধানের। তাঁর বিদেশ সফরে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার।
ফলে ভারতের প্রতিনিধি হয়েই লন্ডন সফর করছেন মুখ্যমন্ত্রী। যদিও বিদেশের মাটিতে তাঁকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন। এমনকী এই সংক্রান্ত কিছু ইমেল, হোয়াটস্অ্যাপ চ্যাটও রাজ্য প্রশাসনের হাতে এসেছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

আর এরপরেই কার্যত সতর্ক করে সবাইকে নবান্ন থেকে তাঁর বার্তা ছিল, 'আমি কিন্ত সেন্ট্রালের ক্লিয়ারেন্সে (কেন্দ্রের ছাড়পত্রে) যাচ্ছি। মনে রাখবেন, ওখানে কিন্তু আমি ভারতের প্রতিনিধি।'' কার্যত সেই কারণেই ভারতীয় হাই কমিশন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছ বলেই খবর।
অন্যদিকে আগামীকাল মঙ্গলবার বিদেশের মাটিতে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এমনকী বুধবারও সরকারি ভাবেও আরও একটি বাণিজ্য সংক্রান্ত বৈঠক হওয়ার কথা আছে। ইতিমধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত প্রস্তুতি তৈরি। যা খবর, এই সম্মেলন এবং বৈঠকে একাধিক সেদেশের শিল্পপতিরা যোগ দিতে পারেন। সদ্য কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেল শেষ হয়েছে। যেখানে দেশ-বিদেশের একাধিক শিল্পপতিরা যোগ দেন। আর এরপরেই বিদেশের মাটিতে এই সম্মেলন খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
যা খবর, কলকাতা এবং দেশের বেশ কয়েকজন শিল্পপতি উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে। একই সঙ্গে বাংলার মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে সহ একাধিক প্রশাসনের আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। ফলে এই বৈঠক থেকে বাংলার জন্য কোনও বিনিয়োগ আসে কিনা সেদিকেই গোটা বাংলার মানুষের নজর থাকবে।
এরপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ। সেদিন অস্কফোর্ডে বক্তব্য রাখার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূলত যে কারণে তাঁর এই সফর। ফলে অন্যতম এই গুরুত্বপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলেন সেদিকেই নজর সবার। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে রয়েছে। প্রত্যেকদিনের অভ্যাস মতো সেখানের একটি পার্কেও হাঁটতে যাচ্ছেন। বলে রাখা প্রয়োজন, বিমানবন্দরে সমস্যার কারণে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে বেশ কিছু রদবদল হয়েছে।












Click it and Unblock the Notifications