বাংলায় জমির কোনও সমস্যা নেই, বাম আমলে হারিয়ে যাওয়া গরিমা ফিরিয়ে এনেছি! শিল্পপতিদের আহ্বান মমতার
Mamata Banerjee London Visit: বাংলায় জমির কোনও সমস্যা নেই। লন্ডনে দাঁড়িয়ে সে দেশের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পরিকাঠামো থেকে বিদ্যুৎ কোনও কিছুরই অভাব নেই বলেও দাবি করলেন। একই সঙ্গে পূর্বতন বাম সরকারকেও একহাত নিলেন প্রশাসনিক প্রধান। বলেন, পূর্বতন সরকারের জন্য একটা সময় বাংলা গরিমা হারিয়েছিল।
কিন্তু সেই গরিমা আবারও ফিরিয়ে আনার চেষ্টা তাঁর সরকার করছে বলেও এদিন মন্তব্য করেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাংলায় লগ্নি টানতে সুদূর লন্ডনে শিল্প সম্মেলনে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই রাজ্যের আমলা ও বাংলার শিল্প প্রতিনিধিরাও ছিলেন। এই সম্মেলনে বিদেশের একাধিক শিল্পপতি যোগ দিয়েছিলেন।

তাঁদের সামনেই বাংলার শিল্প পরিস্থিতির কথা তুলে ধরলেন প্রশাসনিক প্রধান। এমনকী কেন বাংলা শিল্পের ডেস্টিনেশন তাও ব্যাখ্যা করেন। তুলে ধরেন ফ্রেইট করিডোর, দেউচা পাচামির কথা।
এমনকী শ্রমিকের সমস্যাও যে নেই তাও বিদেশের শিল্পপতিদের জানান মুখ্যমন্ত্রী। বলেন, বাংলায় বেকারত্ব কমেছে। মিলবে দক্ষ শ্রমিক। আর তা একটা ওয়েবসাইট ক্লিক করেই। এই সংক্রান্ত ট্রেনিং সহ একাধিক সামাজিক প্রকল্পের কথাও লন্ডনের বুকে অনুষ্ঠিত হওয়া শিল্প সম্মেলনে তুলে ধরেন প্রশাসনিক প্রধান। জানান, কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা। তবে করোনার পর কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে তাও উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রীর জানান, করোনা পর অর্থনৈতিক অবস্থা সামাল দেওয়াটা চ্যালেঞ্জের ছিল। এত সামাজিক প্রকল্প চালানোটা যথেষ্ট চ্যালেঞ্জর ছিল। কিন্তু এরপরেও সমস্ত কিছু চালানো হচ্ছে। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন ফের একবার বাম সরকারের প্রসঙ্গ তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, পূর্বতন সরকারের জন্য বাংলা গরিমা হারায়। সেই গরিমা পুনরুদ্ধার হয়েছে। বাংলা দেশের মধ্যে সেরা ডেস্টিনেশন বলেও দাবি করেন।
আর তা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় জমির কোনও সমস্যা নেই। এমনকী পরিকাঠামো থেকে বিদ্যুৎ, শ্রমিক কোনও কিছুরই অভাব নেই বলেও জানান। বাংলায় বিনিয়োগ করলে লাভবান হবেন, শিল্পপতিদের এমনই বার্তা মমতার। যা খুবই গুরুত্বপূর্ণ। তবে মুখ্যমন্ত্রী শিল্পবার্তাকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।
সুকান্ত এদিন এক্স পোস্টে লেখেন, "লন্ডনের রাজপথে 'ব্যাক-ওয়াক' করছেন পশ্চিমবঙ্গের শিল্পদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়! 'ব্যাক-ওয়াক', বাংলা ভাষায় তর্জমা করলে যাকে বলে 'উল্টো হাঁটা'। অবাক করা বিষয়, লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ই শুধু উল্টো হাঁটছেন না, জনগণ বলছেন ২০১১ সালের পর থেকে তাঁর মতোই উল্টো দিকে হাঁটছে বাংলার অর্থনীতি, কর্মসংস্থান। অথচ মুখ্যমন্ত্রী এবারেও দাবি করছেন যে তাঁর এই বিদেশ সফরের পরেই নাকি সুদূর বিদেশ থেকে বিনিয়োগ আসবে, পশ্চিমবঙ্গ বিদেশি বিনিয়োগের 'মরুদ্যান' হবে!"












Click it and Unblock the Notifications