Mamata Oxford Speech: অক্সফোর্ডে মমতার ভাষণের মাঝেই কাটল তাল! টাটা থেকে আরজি কর ইস্যু, ধেয়ে এল প্রশ্নবাণ
Mamata in London: লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতার মাঝেই তাল কাটল মুখ্যমন্ত্রীর ভাষণে। মমতার ভাষণের মাঝেই ধেয়ে এল প্রশ্ন। সিঙ্গুর থেকে টাটার চলে যাওয়া থেকে আরজি কর কাণ্ড, প্রশ্ন এল দর্শকাসন থেকে। একের পর এক প্রশ্নের মুখে মেজাজ হারাননি মুখ্যমন্ত্রী। বললেন, এতে আমি আরও বেশি উৎসাহ পাই।
দর্শকদের একাংশের সঙ্গে বাদানুবাদ মমতার। যদিও সমালোচকদের বাম-অতি বাম বলে আখ্যা মুখ্যমন্ত্রীর। এমনকী সমালোচকদেরই সাম্প্রদায়িক স্বৈরাচার মনোভাব সম্পন্ন বলে পাল্টা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। সমালোচকদের প্রশ্ন, বাংলা থেকে টাটাকে তাড়িয়েছেন কেন? ভরা সভাতেই মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলেও আক্রমণ প্রশ্নকর্তার। মুখ্যমন্ত্রী পাল্টা বললেন, "মিথ্যে বলিনি। আমি আপনাকে মিষ্টি দেব।"

লন্ডনে গিয়ে আরজি কর কাণ্ড নিয়েও প্রশ্নের মুখে মমতা। এদিনের বক্তব্যের বিষয়ই ছিল রাজ্যের নারী, শিশুদের সামাজিক উন্নয়ন ও মহিলাদের ক্ষমতায়ন। স্বাভাবিকভাবেই আরজি কর নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা ছিলই। যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বল পেলেই ব্যাট হাতে ছক্কা হাঁকাবেন তিনি। যদিও অক্সফোর্ডের ভাষণে আরজি কর নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী বললেন, "ওটা বিচারাধীন বিষয়। এটা রাজনৈতিক মঞ্চ নয়। রাজনৈতিক মঞ্চ বানাবেন না। এটা নাটকের মঞ্চ নয়। এভাবে ব্যবহার করবেন না।"
প্রশ্নকর্তারা রাজনৈতিক দলের হয়েও প্রশ্ন করছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি সরাসরিই বললেন, "নিজের দলকে বলুন সস্তা রাজনীতি করি না। আমাকে অপমান করতেই পারেন। নিজের প্রতিষ্ঠানকে অপমান করবেন না। আমি ঐকতার পক্ষে, কিন্তু আপনাদের স্বৈরাচার মনোভাব। রাজনীতিকরণের চেষ্টা করবেন না। আপনি বিরোধিতা করতেই পারেন। এতে আমি আরও উৎসাহ পাই।" এদিন শিল্পায়ন, বিনিয়োগ, সাম্প্রদায়িক, তোষণ ইস্যু নিয়েও কড়া প্রশ্নবাণের মুখে পড়েন মুখ্যমন্ত্রী।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নারী, শিশুদের সামাজিক উন্নয়ন ও মহিলাদের ক্ষমতায়ন নিয়ে ভাষণ মমতার। আর সেখানেই ধেয়ে আসে প্রশ্নের পর প্রশ্ন। যদিও পরে সামলে নিয়ে বক্তৃতা শেষ করেন মুখ্যমন্ত্রী। এদিন অক্সফোর্ডের বক্তৃতা থেকে রামকৃষ্ণ, বিবেকানন্দ শরণ মুখ্যমন্ত্রীর। বিভাজন নয়, শেখালেন ঐকতার পাঠও।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যখন রাজ্যে শাসক বিরোধী কার্যত ধর্মযুদ্ধ চলছে। সেই সময় সুদূর লন্ডনে অক্সফোর্ডে বক্তৃতায় মমতা বললেন, "আমি যখন চেয়ারে ক্ষমতায়, আমি বিভাজন করতে পারি না। বিভাজন সহজ, এক সেকেন্ড সময় লাগে। ঐক্যবদ্ধ থাকা কঠিন। জীবনের শেষ পর্যন্ত ঐক্য দেখতে চাই। পিছিয়ে পড়া শ্রেণিকে নিয়েই চলতে হবে। মানবিকতা ছাড়া পৃথিবী চলে না। বাংলা মা, মাটি, মানুষের জায়গা। বাংলায় বৈচিত্রের মধ্যে ঐক্য, কোনও বিভাজন নেই।"












Click it and Unblock the Notifications