করোনা লকডাউনের জের, অনিচ্ছাকৃত মাতৃত্বের শিকার হতে পারেন ৭০ লক্ষ মহিলা!
করোনা ভাইরাসের প্রকোপের জেরে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৩২ লক্ষ। এহেন পরিস্থিতিতে গত প্রায় একমাসেরও বেশি সময় যাবত বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। করোনার জেরে বিশ্বজুড়ে ঘরবন্দি তিনশো কোটি মানুষ। এর জেরে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারখানা। কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে বিশ্বের সর্ববৃহৎ কন্ডোম উৎপাদনকারী প্রতিষ্ঠানটিও। যার জেরে বিশ্বে তৈরি হয়েছে কন্ডোম সংকট।

বাজার থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে গর্ভনিরোধক ওষুধ
এদিকে কন্ডোমের পাশাপাশি বাজার থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে গর্ভনিরোধক ওষুধ। এর জেরে, অল্প ও মধ্য আয়ের দেশগুলির অন্তত ৪ কোটি ৭০ লক্ষ মহিলা ওই সব গর্ভনিরোধক ব্যবহার করতে পারছেন না। যার ফল হবে অনিচ্ছাকৃত মাতৃত্ব। আর এর শিকার হতে পারেন ৭০ লক্ষ মহিলা।

কী বলছে রাষ্ট্রসংঘের সমীক্ষা?
রাষ্ট্রসংঘের এক সমীক্ষায় এই বিষয়টি উঠে আসে। সমীক্ষা বলছে, লকডাউনের আগে পর্যন্ত বিশ্বের অল্প ও মধ্য আয়ের ১১৪টি দেশের প্রায় ৪৫ কোটি মহিলা নিয়মিত ভাবে গর্ভনিরোধক ব্যবহার করতেন। সমীক্ষায় এও জানানো হয়েছে, যে অনিচ্ছাকৃত মাতৃত্ব ছাড়াও এই সব মহিলাদের অনেকেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন।

করোনায় জেরবার গোটা বিশ্ব
সমীক্ষা জানিয়েছে, করোনা সংক্রমণ রোখার জন্য বিশ্ব জুড়ে যে লকডাউন চলছে দীর্ঘ দিন ধরে। এর জেরে যথেষ্ট প্রভাব পড়ছে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে। গোটা বিশ্বে এখনও পর্যরন্ত এই মারণ ভাইরাসের থাবার শিকার হয়েছেন ৩১ লক্ষ ৩৯ হাজার জন। প্রাণ হারিয়েছে ২ লক্ষ ১৮ হাজার ১০ জন। এখনও পর্যন্ত অসুস্থ রয়েছেন ১৯ লক্ষেরও বেশি মানুষ। এদের মধ্যে ৫৭ হাজার জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।












Click it and Unblock the Notifications