জাপান কাঁপল ৭.৬ মাত্রার ভূমিকম্পে, জারি সুনামি সতর্কতা
জাপানের উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরই সেদেশের উত্তর-পূর্বাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এদিন স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতায় জানায়, এই কম্পনের পর প্রায় তিন মিটার উঁচু ঢেউ দেখা যেতে পারে। যার ফলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কাঁপিয়ে তোলে। হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে সতর্কতা জারি হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে ঝাড়বাতি ও গাড়ি কাঁপতে দেখা গিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, কম্পন এক মিনিটের বেশি স্থায়ী ছিল।

জাপান স্বভাবতই একটি ভূমিকম্পপ্রবণ দেশ। অতীতেও অনেক শক্তিশালী কম্পনের সাক্ষী। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এর তথ্য মতে, অক্টোবরে হনশুর পূর্বে ৬.০ মাত্রার ভূমিকম্প হয়েছিল, কিন্তু কোনও ক্ষয়ক্ষতি ঘটেনি।
জাপান একাধিক টেকটোনিক প্লেটের (প্যাসিফিক, ফিলিপাইন সি, ইউরেশিয়ান, উত্তর আমেরিকান) সংযোগস্থলে অবস্থিত। এটি "প্যাসিফিক রিং অফ ফায়ার" নামক অত্যন্ত সক্রিয় ভূমিকম্পন ও আগ্নেয়গিরি প্রবণ অঞ্চলের অংশ।
এই টেকটোনিক বিন্যাস প্লেটগুলির নিরন্তর গতিবিধি ও সাবডাকশনের (একটি প্লেট অন্যটির নিচে প্রবেশ) কারণ। এতে ভূ-অভ্যন্তরে চাপ তৈরি হয়, যা ঘন ঘন ভূমিকম্প ঘটায়। জাপান ট্রেঞ্চ এবং বহু সক্রিয় আগ্নেয়গিরিও দেশটির উচ্চ সিসমিক কার্যকলাপের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।












Click it and Unblock the Notifications