Israel-Palestine Conflict: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভোটাভুটিতে বিরত! ভারসাম্যের কূটনীতি মোদীর ভারতের
Israel-Palestine Conflict: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে নেওয়া প্রস্তাবে ভোট দানে বিরত ভারত। প্রস্তাবের পক্ষে ১২০ টি এবং বিপক্ষে ১৪ টি ভোট পড়ে। প্রস্তাবে হামাস এবং পণবন্দি শব্দ ছিল না বলে জানা গিয়েছে।
এই ভোটাভুটির আগে কানাডার প্রস্তাবিত পাঠ্যের একটি সংশোধনীতে অন্য ৮৬ টি দেশের সঙ্গে ভারতও সংশোধনীর পক্ষে ভোট দেয়। তবে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে গাজা উপত্যকায় হওয়া সংঘাতের ওপরে হওয়া ভোটাভুটিতে ভারতের বিরত থাকা ভারসাম্যের উদাহরণ বলে জানা গিয়েছে।

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে গাজা উপত্যকায় মানবিক প্রবেশাধিকারের আবেদন জানিয়েছে ২২ টি আরব দেশ একটি খসড়া তৈরি করে। পাশাপাশি সেখানে ইজরায়েলি হামলায় অসামরিক ফিলিস্তিনিদের হতাহতের সমালোচনাও করা হয়। এই প্রস্তাবের পক্ষে ছিল বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, পাঁচটি প্রশান্ত মহাসাগরীয় ছোট দ্বীপ রাষ্ট্র, পূর্ব ইউরোপের চারটি দেশ অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেকোস্লোভাকিয়া এবং হাঙ্গেরি-সহ ১৪ টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব আইনত বাধ্যতামূলক নয়। সেখানে পরাজয় হলেও ইজরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব অনুযায়ী কাজ করতে বাধ্য নয়। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন, প্রস্তাবটিতে ওজন এবং নৈতিক কর্তৃত্ব উভয়ই ছিল।
অন্যদিকে ভারত ভোটদানে বিরত থেকে যে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে, তা বর্তমান বিশ্বের মেরুকরণের সংঘাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইজরায়েল-হামাসের সঙ্গে সংঘাতের পাশাপাশি রাশিয়া-ইউক্রেনের সঙ্গেও সংঘাত চলছে। দুটি যুদ্ধের রাজনীতি, পরিস্থিতি আলাদা হলেও নয়াদিল্লি এই জায়গায় ভারসাম্য রক্ষার কূটনীতি চালিয়ে যাচ্ছে। যা আগামী সপ্তাহ এবং আগামী মাসগুলোতেও চালিয়ে যেতে হবে।
ভারতের তরফে এর আগে ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার নিন্দা করা হয়েছে এবং পণবন্দিদের অবিলম্বে মুক্তির দাবি করা হয়েছে। এই হামলাকে ক্ষতিকারক বলে উল্লেখ করে ভারতে তরফে বলা হয়েছিল সন্ত্রাসবাদ কোনও সীমানা, দেশ মানে না।
পাশাপাশি গাজার জনগণের দুর্দশা নিয়ে বিবৃতি দিয়ে সমর্থনকে ভারসাম্যপূর্ণ করা হয়েছে। বলা হয়েছে, এই যুদ্ধ উদ্বেগের। বিশেষ করে নারী-শিশুরা জীবন দিয়ে এর মূল্য পরিশোধ করছে। এই মানবিক সংকটের মোকাবিলা করতেও ভারত আহ্বান জানিয়েছে। ভারতের তরফে গাজায় মানবিক সহায়তা প্রদানকে স্বাগত জানানো হয়। পাশাপাশি ভারত যে এই প্রচেষ্টায় অবদান রেখেছে তাও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications