Iran-Israel: ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে ইজরায়েলের আকস্মিক হামলা, বিস্ফোরণে কাঁপল তেহরান
ইজরায়েল ইরানের উপর আকস্মিক হামলা চালিয়েছে। ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলি ছিল এই হামলার লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে ওই এলাকায় উত্তেজনা বাড়ার একটি সতর্কবার্তা আসার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইউটিউবে দেওয়া এক ভাষণে জানান, যতদিন না হুমকি থামছে, ততদিন পর্যন্ত সামরিক অভিযান চলবে।
তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ইরানের সরকারি টেলিভিশন জানিয়েছে, হামলার জবাবে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে সক্রিয় রয়েছে। ইজরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাৎজ জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে শীঘ্রই প্রত্যাঘাতের আশঙ্কা রয়েছে। ইজরায়েলের আমজনতা এবং ভূখণ্ডের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কা করা হচ্ছে।

এই হামলার পরে বিশ্ব বাজারে তেলের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। ইরানের দ্রুত বিস্তার লাভ করা পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যেই এই হামলা হয়েছে। বৃহস্পতিবার, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনে। কারণ হিসেবে দেখানো হয়, ইরান পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা করছে না।
এর প্রতিক্রিয়ায়, ইরান তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপনের এবং বিদ্যমান সেন্ট্রিফিউজগুলিকে আরও উন্নত মডেল দিয়ে প্রতিস্থাপনের পরিকল্পনা ঘোষণা করে। ইজরায়েল বরাবরই বলে এসেছে যে তারা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করে। তবে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, "প্রয়োজন হলে তাদের সেই ক্ষমতা রয়েছে।"
মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য বিপদ আঁচ করে বাগদাদ থেকে কিছু কূটনীতিককে সরিয়ে নিয়েছে এবং এই অঞ্চলে কর্মরত সামরিক আধিকারিকদের পরিবারকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে।
মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে ইজরায়েল একতরফাভাবে এই পদক্ষেপ নিয়েছে এবং ওয়াশিংটনকে জানিয়েছে যে তাঁরা আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে। রুবিও হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, "আমরা ইরানের উপর হামলায় জড়িত নই। এই অঞ্চলে আমাদের সেনাদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।" তিনি তেহরানকে মার্কিন সেনার উপর হামলা না করার বিষয়ে সতর্ক করেছেন।












Click it and Unblock the Notifications