Israel Hamas War: যুদ্ধবিরতি লাটে উঠতেই গাজায় এয়ারস্ট্রাইক ইজরায়েলের, ৫ শিশু-সহ মৃত দুই শতাধিক; জখম বহু
Israel Hamas War: মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছেই। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি লাটে উঠতেই গাজায় এয়ারস্ট্রাইক চালাল ইজরায়েল। আকাশপথে হামলা দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়াতেও। মঙ্গলবার টেলিগ্রাম পোস্টে ইজরায়েলি সেনা জানায়, গাজায় হামাস জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে লাগাতার এয়ারস্ট্রাইক চালাচ্ছে তারা। যার জেরে এখনও পর্যন্ত ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি প্যালেস্তাইনের।
প্যালেস্তাইন সীমান্তে বাড়তি সেনাও মোতায়েন করেছে ইজরায়েল। মঙ্গলবার কাকভোরে গাজায় হামলা অব্যাহত রাখার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। বিবৃতিতে বলা হয়েছে, পণবন্দিদের মুক্তি না দেওয়াতেই হামাসের বিরুদ্ধে ফের লাগাতার হামলা শুরু হয়েছে। স্রেফ তাই নয়, মার্কিন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে হামাস।

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে চলা যুদ্ধে ২ মাসের যুদ্ধবিরতি ছিল। এই সময়ের মধ্যে প্যালেস্তাইনি কারাবন্দিদের মুক্তির বিনিময়ে পণবন্দিদের মুক্তিও দেয় হামাস। কিন্তু সকল পণবন্দিদের এখনও মুক্তি দেওয়া হয়নি বলে দাবি। আর তাই হামাসের বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা ইজরায়েলের। মঙ্গলবার লাগাতার আকাশপথে হামলায় অন্ততপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার প্রতিরক্ষা এজেন্সি।
মৃত ২০ জনের মধ্যে রয়েছে ৫ শিশুও। ৭০ জনেরও বেশি মানুষ হামলায় জখম হয়েছেন বলে সূত্রের খবর। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। মার্কিন মধ্যস্থতায় গত নভেম্বরের শেষের দিকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। জানুয়ারির মাঝামাঝি প্রায় ১২ জন প্যালেস্তাইনিকে সীমান্তে অনুপ্রবেশের দায়ে হত্যা করে ইজরায়েলের সেনাবাহিনী। যুদ্ধবিরতি নিয়ে এগোতে চাইছে ইজিপ্ট, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রও। এরই মাঝে ফের আকাশপথে হামসা চালাল ইজরায়েল।
সিরিয়া ও লেবাননেও এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের পতনের পর দেশের দক্ষিণাংশে থাবা বসিয়েছে ইজরায়েল। এদিন সিরিয়ার দারা শহরে রেসিডেন্সিয়াল এলাকায় হামলা চালায় ইজরায়েল। সেখানে ৩ জন মারা গিয়েছেন ও ১৯ জন জখম হয়েছেন বলে সূত্রের খবর। অন্যদিকে লেবাননে হামলা চালিয়ে ২ হিজবুল্লা সদস্যকে নিকেশ করা হয়েছে বলে দাবি ইজরায়েলি সেনার। আরও ২ জন জখম হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্র পোষিত সংবাদমাধ্যম।












Click it and Unblock the Notifications