রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা কি চূড়ান্ত পর্যায়ে? কী ইঙ্গিত দিলেন ট্রাম্প, জানুন
দীর্ঘ আড়াই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর কি অবশেষে শান্তির আলো দেখা যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন সংঘাতে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে মিলেছে এমনই ইঙ্গিত। ট্রাম্প বলেছেন, "কিছু ভালো ঘটনা ঘটতে পারে," দুই দেশের আলোচনার অগ্রগতির দিকেই ইঙ্গিত করে।
সোমবার ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, "রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনায় সত্যিই কি বড় অগ্রগতি হচ্ছে? চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করবেন না, তবে হয়তো কিছু ভালো ঘটেই যেতে পারে। ঈশ্বর আমেরিকাকে রক্ষা করুন!"

ট্রাম্পের এই মন্তব্য আরও রহস্য বাড়িয়েছে, কারণ ঠিক একদিন আগেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেছিলেন মার্কিন সহায়তার জন্য 'কৃতজ্ঞতা বোধহীন' বলে অভিযোগ তুলেছিলেন তিনি। একই সঙ্গে ইউরোপের দেশগুলিকে রাশিয়ার তেল কেনার জন্যও আক্রমণ করেন তিনি।
ট্রাম্প লিখেছিলেন, "আমি এমন একটি যুদ্ধ উত্তরাধিকার পেয়েছি, যা কখনো হওয়াই উচিত ছিল না। এই যুদ্ধ সবার জন্য ক্ষতির বিশেষ করে সেই লক্ষ লক্ষ মানুষের জন্য, যারা অযথাই প্রাণ হারিয়েছে।"
সমালোচনার পরপরই জেলেনস্কি অবশ্য ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প ও পশ্চিমা মিত্রদের। টেলিগ্রামে তিনি লিখেছেন, "আমেরিকার সহায়তায় প্রেসিডেন্ট ট্রাম্পের সহায়তায় আমাদের বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। জ্যাভলিন ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে প্রতিটি সহায়তাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।"
দায়িত্বে ফেরার পর থেকেই ইউক্রেন যুদ্ধের অবসানে উদ্যোগী হন ট্রাম্প। চলতি বছর অগাস্টে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি বৈঠকও করেন তিনি। দুই নেতা তখনই আশাবাদ ব্যক্ত করেছিলেন। পুতিন বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকলে যুদ্ধ কখনোই শুরু হতো না।
আলাস্কার পর হাঙ্গেরিতে আরও একটি শীর্ষ বৈঠকের পরিকল্পনা হয়েছিল। তবে পরে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করে।
তবুও হোয়াইট হাউসের দাবি, আলোচনা আবারও এগিয়ে আনার চেষ্টা চলছে। তবে একথাও স্পষ্ট করে দিয়েছে ট্রাম্প প্রশাসন যে কোনো সমাধানেই ইউক্রেনের সার্বভৌমত্ব অটুট রাখতে হবে।












Click it and Unblock the Notifications