মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা
মধ্যপ্রাচ্যে চলতে থাকা উত্তেজনার মধ্যে যুদ্ধের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি যে, ইরানের সঙ্গে চলতে থাকা সংঘাত শেষ হওয়ার পথে এবং তা শেষ করার জন্য আমেরিকা খুব কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছে। যদিও ঠিক কতদিনের মধ্যে এই যুদ্ধ থামতে পারে, সেই বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা এখনও পর্যন্ত জানাননি ট্রাম্প।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে, এরকম কথা তিনি বলছেন না, তবে পরিস্থিতি খুব তাড়াতাড়ি সেই দিকেই এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে তিনি এও স্পষ্ট করে দেন যে, বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত করার মতো কোনও চেষ্টা আমেরিকা মেনে নেবে না। এরকম পদক্ষেপ যদি নেওয়া হয় তাহলে ইরানকে আরও কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
মার্কিন প্রশাসনের দাবি যে, ইতিমধ্যেই ইরানের কিছু কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো চিহ্নিত করা হয়েছে, যেগুলিতে আঘাত হানা হলে সেগুলি পুনর্গঠনে অনেক বছর লেগে যাবে। সেই লক্ষ্যবস্তুতে আপাতত হামলা করা হয়নি, তবে যদি প্রয়োজন হয় তাহলে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্প জানান, বিশেষ করে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিও আমেরিকার নজরে রয়েছে।
এছাড়াও ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও আবার পরোক্ষে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য যে, এরকম কোনও পরিস্থিতি আমেরিকা চায় না যেখানে ভবিষ্যতে আবার এই একই সংঘাতের মুখে পড়তে হবে।
এদিকে ট্রাম্পের দাবি যে, এই সংঘাতের কারণে ইরানের সামরিক শক্তি ইতিমধ্যেই অনেক বড় ধাক্কা খেয়েছে। তাঁর মতে, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বড় অংশ ধ্বংস হয়েছে ও নৌবাহিনীরও গুরুতর ভাবে ক্ষতি হয়েছে। মার্কিন প্রশাসন দাবি করেছে যে, অন্তত ৪৬টি জাহাজ ধ্বংস করা হয়েছে এবং একাধিক সন্ত্রাসবাদী নেতাকেও হত্যা করা হয়েছে।
ট্রাম্পের কথায়, শত্রুপক্ষ যতক্ষন না পর্যন্ত সম্পূর্ণভাবে দুর্বল না হয়ে না পড়ছে ততক্ষন পর্যন্ত অভিযান চালিয়ে যাবে আমেরিকা।












Click it and Unblock the Notifications