হরমুজ দিয়ে যাওয়ার চেষ্টা করলেই আগুনে পুড়বে জাহাজ! প্রণালী বন্ধ করে কড়া হুঁশিয়ারি তেহরানের
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী, কার্যত বন্ধ করে দেওয়ার দাবি করেছে তেহরান। শুধু তাই নয়, যদি এই জলপথ পেরোনোর চেষ্টা করা হয় তাহলে সংশ্লিষ্ট জাহাজে সরাসরি আগুন লাগিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড।

গত শনিবার আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলার পর থেকেই পরিস্থিতি একদম উত্তপ্ত হয়ে রয়েছে। তার জবাব দেওয়ার জন্যেই এবার হরমুজ প্রণালীকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে ইরান। রেভোলিউশনারি গার্ডের কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা ইব্রাহিম জাবারি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, প্রণালী এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং অমান্য করলে নৌবাহিনী ও গার্ড যৌথভাবে ব্যবস্থা নেবে। তিনি আরও জানিয়েছেন যে, এই জলপথ যদি ব্যবহার করা হয় তাহলে জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালানো হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জাহাজে হামলার খবরও সামনে এসেছে।
বিশ্বের মোট তেল পরিবহণের প্রায় ২০ শতাংশ এই সরু প্রণালী দিয়েই হয়। এই পথ সৌদি আরব থেকে শুরু করে ইরাক, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহির মতো তেলউৎপাদনকারী দেশগুলিকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত করে। কোথাও কোথাও আবার প্রস্থ মাত্র ৩৩ কিলোমিটার হওয়ার কারণে সামরিক উত্তেজনার সময় ইরানের প্রভাব বিস্তার সহজ হয়ে যায়। এর ফলে এই রাস্তা অচল হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে বড়সড় প্রভাব পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে।
উদ্বেগেএ সঙ্গে নজর রাখছে ভারতও। দেশের প্রায় ৫০ শতাংশ তেল আমদানি এই প্রণালী হয়ে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহি এবং কুয়েত থেকে প্রতিদিন ২৫-২৭ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আসে। যদিও দিল্লির তরফ থেকে জানানো হয়েছে যে, আপাতত তাৎক্ষণিক সংকটের পরিস্থিতি নেই। তবে সংঘর্ষ যদি আরও বেশি দিন ধরে চলতে থাকে তাহলে, ভারতের জ্বালানি নিরাপত্তা এবং বাজারদরে চাপ তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications