ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না
মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে জটিল পরিস্থিতির মধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার করল তেহরান। ইরান জানিয়েছে যেসব দেশের সঙ্গে তাদের শত্রুতা নেই, সেই বন্ধু দেশ গুলির জন্য হরমুজ পথ খোলা থাকবে। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান, যা কূটনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বুধবার গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, মোট পাঁচটি দেশকে তারা মিত্র দেশ হিসেবে চিহ্নিত করেছে। এই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, চিন, রাশিয়া ও ইরাক। ফলে এই দেশগুলির বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে, কোনও বাধার সম্মুখীন হতে হবে না বলেই ইঙ্গিত দিয়েছে তেহরান।

এর আগে ইরান ইঙ্গিত দিয়েছিল, যেসব দেশের সঙ্গে তাদের বৈরিতা নেই, তাদের জাহাজ চলাচলে কোনও বাধা দেওয়া হবে না। তবে ঠিক কোন কোন দেশ সেই সুবিধা পাবে, তা স্পষ্ট ছিল না। এর মাঝেই পাকিস্তানমুখী একটি জাহাজ হরমুজ প্রণালী পার হতে গিয়ে সমস্যায় পড়েছে, এমন খবর সামনে আসায় জল্পনা আরও বাড়ে। উল্লেখযোগ্যভাবে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আমেরিকা ও ইরান সংঘাত প্রশমনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।
এই প্রেক্ষাপটে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে দেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি। বন্ধু দেশগুলির জন্য নিরাপদ যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। তাঁর কথায়, একাধিক দেশ ইতিমধ্যেই ইরানের সঙ্গে যোগাযোগ রেখে এই জলপথ ব্যবহার করছে ও ইরানের সশস্ত্র বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করছে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই কয়েকটি জাহাজ এই পথ ব্যবহার করেছে ও আগামী দিনে আরও জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে। এমনকি বাংলাদেশের জাহাজও ভবিষ্যতে এই সুবিধা পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
তবে এই অনুমতির সঙ্গে একাধিক শর্তও জুড়ে দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করেছে, যে সব জাহাজকে তারা শত্রু বলে মনে করবে না, কেবল তারাই হরমুজ দিয়ে চলাচল করতে পারবে। পাশাপাশি, যাতায়াতের আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখা বাধ্যতামূলক। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে কোনও রকম সামরিক পদক্ষেপে যুক্ত থাকা বা পরোক্ষভাবে সাহায্য করা যাবে না, এমন শর্তও আরোপ করা হয়েছে।
তবে উত্তেজনার আবহে হরমুজ প্রণালী ঘিরে ইরানের এই কৌশলী অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications