Iran: ইরানে যৌথ হামলা আমেরিকা-ইজরায়েলের, সাংবাদিক বৈঠক করে ট্রাম্প বললেন, 'এখন শান্তি'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, আমেরিকার বাহিনী ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। তিনি এই আক্রমণকে তেহরানের পরমাণু কর্মসূচির জন্য একটি বড় আঘাত হিসেবে অভিহিত করেন।
রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেন। তার কয়েক ঘণ্টা আগে আমেরিকার বাহিনী ইরানের তিনটি প্রধান পরমাণু স্থাপনা ফোরডো, নাতাঞ্জ এবং ইস্ফাহানে সমন্বিত বিমান হামলা চালায়।

ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে 'চমৎকার সামরিক সাফল্য' বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, যা সম্পূর্ণরূপে অর্জিত হয়েছে।
ট্রাম্প বলেন, ইরানকে এখন শান্তি স্থাপন করতে হবে। যদি তাঁরা তা না করে, তবে ভবিষ্যতে আরও বড় হামলা চালানো হবে। মনে রাখতে হবে, এখনও অনেক লক্ষ্য বাকি আছে। আজকের হামলা ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক।
এই মার্কিন অভিযান ছিল ইজরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে আমেরিকার প্রথম সরাসরি সামরিক হস্তক্ষেপ। এর আগে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে এক সপ্তাহের বেশি সময় ধরে হামলা চালিয়েছে ইজরায়েল।
এদিন হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, "আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা। আজ আমি বিশ্বকে জানাতে পারি যে এই হামলা ছিল একটি চমৎকার সামরিক সাফল্য। ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে।"
তিন মিনিটের কিছু বেশি সময় ধরে দেওয়া ভাষণে ট্রাম্প আরও বলেন, যদি দ্রুত শান্তি না আসে, তবে আমরা গতি এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুগুলিতে আঘাত হানব।
ট্রাম্প ইজরায়েল এবং সেদেশের নেতৃত্বকে যৌথ সমন্বয়ের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা একটি দল হয়ে কাজ করেছি। সম্ভবত আগে কখনও কোনও দল এভাবে কাজ করেনি। ইজরায়েলের জন্য এই ভয়ঙ্কর হুমকি মুছে ফেলতে আমরা অনেক দূর এগিয়েছি। ইজরায়েলি সামরিক বাহিনীর চমৎকার কাজের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই।"
এর আগে, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নিশ্চিত করেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার মার্কিন অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি লেখেন, "আমরা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে সফল হামলা সম্পন্ন করেছি। ফোরডোর প্রধান সাইটে বোমার পুরো পে-লোড ফেলা হয়েছে। সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে এবং নিরাপদে তাদের পথে রয়েছে।"












Click it and Unblock the Notifications