Iran-Israel: ইজরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, নিহত অন্তত ৮, আহত বহু, অশান্তি বাড়ছে মধ্যপ্রাচ্যে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই আরও বাড়ছে। প্রতিরক্ষা কেন্দ্রগুলিতে তেল আভিভের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলে অন্তত ৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই হামলার ফলে গাজা ও পশ্চিম তীরে চলমান সংঘাতের মধ্যে ইজরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতে এক নতুন মাত্রা যোগ হয়েছে।
স্থানীয় সময় শনিবার গভীর রাতে এবং রবিবার ভোরে ইজরায়েলের বিভিন্ন শহরে, বিশেষ করে তেল আভিভ এবং জেরুসালেমে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। ইজরায়েলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

জানা গিয়েছে, ইজরায়েল শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছিল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। ইজরায়েলের এই হামলার প্রতিক্রিয়ায় ইরান 'কঠোর জবাব' দেওয়ার অঙ্গীকার করেছিল এবং সেই অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইরানের রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইজরায়েলের হামলা চলতে থাকলে তাদের অভিযান আরও তীব্র এবং ব্যাপক হবে। অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যা দেখেছে তা কেবল শুরু, ভবিষ্যতে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে।
গত কয়েকদিনে ইরানে ইজরায়েলের হামলায় অন্ততপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অন্তত এক তৃতীয়াংশ শিশু। এছাড়াও ইরানের সেনা বাহিনীর শীর্ষ কর্তা ও বেশ কয়েকজন বিজ্ঞানী হামলায় নিহত হয়েছেন।
এই ঘটনাপ্রবাহ আদতে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক মহল থেকে অবিলম্বে উভয়পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এর আগে, রবিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত পরমাণু আলোচনা বাতিল করা হয়েছে। যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications