মার্কিন চাপ সামলে রাশিয়ার থেকে বাদবাকি 'সুদর্শন চক্র' আনতে চলেছে ভারত, সীমান্ত হবে পুরোপুরি সুরক্ষিত
ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ও সাবধানবাণীতে যে ভারতের কিছু যায় আসে না, তা ফের একবার কূটনৈতিকভাবে স্পষ্ট হতে চলেছে। জানা গিয়েছে, ভারত ও রাশিয়ার মধ্যে বর্তমানে এস-৪০০ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমের অতিরিক্ত সরবরাহ নিয়ে আলোচনা চলছে। রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থা তাস-কে এই তথ্য জানিয়েছেন একজন উচ্চপদস্থ রুশ প্রতিরক্ষা রফতানি আধিকারিক।
রাশিয়ার সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ফেডারেল সার্ভিসের প্রধান দিমিত্রি শুগায়েভ জানিয়েছেন, ভারত ইতিমধ্যে এস-৪০০ সিস্টেম ব্যবহার করছে এবং নতুন সমরাস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা চলছে।

চিনের ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবিলায় ২০১৮ সালে মস্কোর সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছিল নতুন দিল্লি। এই চুক্তি অনুযায়ী পাঁচটি এস-৪০০ ট্রায়াম্ফ সিস্টেম কেনার কথা ছিল।
এই চুক্তিতে বারবার বিলম্ব হয়েছে। শেষ দুটি ইউনিট ২০২৬ এবং ২০২৭ সালের মধ্যে সরবরাহ করার কথা। অন্যদিকে, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ সম্প্রতি বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে সম্পদ কেনা বন্ধ করার জন্য ভারতকে চাপ দিলেও, নয়াদিল্লি সেই দাবি মানেনি। মস্কো এই বিষয়টিকে প্রশংসাও করেছে।
ফ্রান্স ও ইজরায়েল থেকে ভারতের সামরিক সরঞ্জাম ক্রয় বাড়লেও, রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের মোট অস্ত্র আমদানির ৩৬ শতাংশ এসেছে রাশিয়া থেকে।
ভারত ও রাশিয়া দীর্ঘদিনের বন্ধু ও ব্যবসায়িক সঙ্গী দেশ। এই দুই দেশ বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে একসঙ্গে কাজ করেছে। এর মধ্যে রয়েছে টি-৯০ ট্যাঙ্ক ও সু-৩০ এমকেআই ফাইটার জেটের লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন, মিগ-২৯ ও কামোভ হেলিকপ্টার সরবরাহ, বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য , ভারতে একে-২০৩ রাইফেল উৎপাদন এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কর্মসূচি।
চলতি বছরের মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে সফলভাবে পাল্টা আঘাত হানে। সেসময় সীমান্তপার একাধিক ক্ষেপণাস্ত্র রুখে ও ধ্বংস করে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিপুল প্রশংসা ও জনপ্রিয়তা পায়। এবার আরও বেশি এই প্রতিরক্ষা সরঞ্জাম কিনে সবদিকে সীমান্ত ভারত সুরক্ষিত করার পথে।












Click it and Unblock the Notifications