HAL: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে নিয়ে মার্কিন সংবাদপত্রে 'ভুল' খবর! বিবৃতিতে জানাল বিদেশমন্ত্রক
HAL: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে (Hindustan Aeronautics Limited) নিয়ে ভুল খবর করেছিল মার্কিন সংবাদমাধ্যম 'দ্য নিউইয়র্ক টাইমস' (The New York Times)। সোমবার এমনই তথ্য জানাল বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। দ্য নিউইয়র্ক টাইমসের খবর উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানায়, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের বিরুদ্ধে রাশিয়ার অস্ত্র প্রস্তুতকারক এজেন্সিকে প্রযুক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে। যদিও সোমবার সেই দাবি নাকচ করে দিল বিদেশমন্ত্রক।
বিদেশমন্ত্রককে উদ্ধৃত করে এদিন সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যমের খবরে পরিবেশিত তথ্য ভুল ও বিভ্রান্তিকর। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে ইস্যু তৈরি করে প্রকৃত তথ্য বিকৃত করা হয়েছে। এধরনের রিপোর্ট প্রকাশের আগে সংবাদমাধ্যমগুলির সোর্স যাচাই করে নেওয়া উচিত বলেও পরামর্শ এস জয়শঙ্করের মন্ত্রকের। তাড়াহুড়োর ক্ষেত্রে অনেকসময় আসল তথ্য বিকৃত হয়ে যায়, এমনটাই উল্লেখ বিদেশমন্ত্রকের।

নিউইয়র্ক টাইমসের রিপোর্টে আরও দাবি করা হয়েছিল, ২০২৩ থেকে ২০২৪ সালে এইচ আর স্মিথ গ্রুপ নামে ব্রিটিশ বিমান প্রস্তুতকারক সংস্থার থেকে নিষিদ্ধ সরঞ্জাম পাঠানো হয়েছিল ভারতীয় একটি সংস্থাকে। সেই সংস্থা আবার রাশিয়ার অস্ত্র প্রস্তুতকারক সংস্থার সবচেয়ে বড় অংশীদার বলে দাবি করা হয়েছিল রিপোর্টে। উল্লেখযোগ্যভাবে এব্যাপারে কোনও প্রামাণ্য উল্লেখ করা হয়নি ওই রিপোর্টেও।
যদিও এনিয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছিল নিউইয়র্ক টাইমসের রিপোর্টে। সামরিক সরঞ্জাম কালো তালিকা ভুক্ত রাশিয়ার এজেন্সিকে হ্যাল সরবরাহ করেছিল বলে অভিযোগ তোলা হয়। যদিও সেই তথ্য সম্পূর্ণ ভুল বলে জানিয়ে দিল বিদেশমন্ত্রক।












Click it and Unblock the Notifications