রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের, সন্ত্রাসের বৈশ্বিক আঁতুড়ঘর, কাশ্মীর ইস্যুতে কড়া বার্তা

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মঞ্চে ফের পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করল ভারত। জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যকে সরাসরি খারিজ করে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি স্পষ্ট জানিয়ে দিলেন জম্মু ও কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও থাকবে।

সোমবার নিরাপত্তা পরিষদের এক খোলা বিতর্কে পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গ তুলতেই কড়া জবাব দেয় নয়াদিল্লী। পর্বতানেনি বলেন, পাকিস্তান রাষ্ট্রসংঘের মঞ্চকে বারবার ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারের জন্য ব্যবহার করছে। তাঁর ভাষায়, "পাকিস্তানের এই আচরণ তাদের ভারতের ক্ষতি করার প্রতি এক অবসেসিভ মানসিকতারই প্রমাণ।"

পাকিস্তানকে 'সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্রবিন্দু' বলে উল্লেখ করে ভারতের রাষ্ট্রদূত বলেন, যে দেশ রাষ্ট্রসংঘের প্রতিটি মঞ্চে বিভাজনের রাজনীতি চালিয়ে যায়, তারা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ। এমন দেশের কাছ থেকে আন্তর্জাতিক দায়িত্ববোধ আশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

শুধু বিদেশনীতি নয়, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কটাক্ষ করেন পর্বতানেনি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এটি পাকিস্তানে গণতান্ত্রিক মতপ্রকাশ দমন করারই উদাহরণ। একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে কারাবন্দি করা, শাসক দলকে নিষিদ্ধ করা ও সেনাবাহিনীর মাধ্যমে সংবিধান বদলে ক্ষমতা কুক্ষিগত করা ও এই সবকিছুকেই পাকিস্তানের 'গণতন্ত্র বোঝার নিজস্ব পদ্ধতি' বলে ব্যঙ্গ করেন তিনি।

সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের অবস্থানও স্পষ্ট করেন রাষ্ট্রদূত। তিনি জানান, ৬৫ বছর আগে সৌহার্দ্য ও সদিচ্ছার ভিত্তিতে এই চুক্তিতে সই করেছিল ভারত। কিন্তু পাকিস্তান বারবার যুদ্ধ চাপিয়ে দিয়ে ও সন্ত্রাসবাদে মদত দিয়ে চুক্তির মূল ভাবনাকেই লঙ্ঘন করেছে। তিনটি যুদ্ধ ও হাজার হাজার সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু উল্লেখ করে পর্বতানেনি বলেন, সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত এখনও অব্যাহত। এই পরিস্থিতিতেই সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাঁর সাফ কথা, পাকিস্তান যতদিন না বিশ্বাসযোগ্য ও স্থায়ীভাবে সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধ করছে, ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে।

রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ভারতের এই কড়া বার্তায় স্পষ্ট কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ, সব ইস্যুতেই পাকিস্তানের বিরুদ্ধে আর নরম নয় নয়াদিল্লী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+