India China Talk: দীর্ঘ ৫ বছর পর বিশেষ প্রতিনিধিত্বমূলক বৈঠকে ভারত ও চিন, বুধেই বেজিং যাচ্ছেন অজিত ডোভাল
India China Talk: দীর্ঘ পাঁচ বছর পর সীমান্তের সমস্যা (Border Issues) নিয়ে বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন। সোমবার রাতের দিকে এক বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)।
চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ই (Wang Yi)-এর সঙ্গে বৈঠক সারবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (NSA Ajit Doval)। বুধবার চিনের রাজধানী বেজিংয়ে (Beijing) হতে চলেছে বৈঠক।

লাদাখ সীমান্তে (Ladakh Border) ইতিমধ্যেই সমস্যার নিরসন হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে পিছু হটেছে চিনের লালফৌজ। পাল্টা সেনা সরিয়ে এনেছে ভারতও। ভারত ও চিন দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্তে শান্তি ও সহাবস্থান বজায় রাখতেই দু'দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক সারবেন বুধবার।
২০১৯ সালে ভারত ও চিনের মধ্যে শেষবার বিশেষ প্রতিনিধিত্বমূলক বৈঠক হয়েছিল। বুধবার ২৩তম বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পুরোনো সংঘাত পুরোপুরি সমাধানের বিষয়ে আলোচনা করবেন দুই দেশের প্রতিনিধি। গত ২১ অক্টোবর পূর্ব লাদাখ সীমান্তের ডেমচক ও ডেপস্যাং থেকে সেনা প্রত্যাহার করা হয়েছিল। তারপর থেকে সেই সমস্যার পাকাপাকি সমাধানসূত্র খুঁজতে উদ্যোগী হয়েছে ভারত।
সীমান্তে সেনা প্রত্যাহারের ২ দিন পরেই রাশিয়ার কাজানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) মুখোমুখি হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠকও সারেন দুই রাষ্ট্রনেতা।
সেখানেই সিদ্ধান্ত হয়, সীমান্তে সমস্যা সমাধানে আলোচনা চালিয়ে যাবে ভারত ও চিন (India and China)। তারই ফলশ্রুতি হিসেবে এবার চিনে গিয়ে সরাসরি বৈঠক সারবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
২০২০ সালের এপ্রিল-মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে সামরিক সংঘাত শুরু হয়। এরপর সেবছর জুন মাসে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও চিনের সেনাবাহিনী। যার জেরে কার্যত তলানিতে ঠেকেছিল দ্বিপাক্ষিক সম্পর্ক।
দু'দেশের বিভিন্ন চুক্তির উপর ব্যাপক প্রভাব পড়েছিল। সংঘর্ষের হটস্পট ছিল ডেমচক ও ডেপস্যাং। শেষ পর্যন্ত ২১ অক্টোবর চুক্তি মেনে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর সেনা প্রত্যাহারের কাজ শুরু করে দুই দেশ।












Click it and Unblock the Notifications