Iran-Israel: ইজরায়েলি বিমান হানায় নিহত হোসেন সালামি, থমথমে অবস্থা ইরানে
ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজরায়েলের আকস্মিক হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তেহরানে নিহত হয়েছেন।
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইজরায়েলের হামলায় বিপ্লবী বাহিনীর সদর দফতরে আইআরজিসি-র কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি নিহত হয়েছেন। ইরানের অপর একটি সংবাদ সংস্থা আইআরএনএ এক্স হ্যান্ডলে সালামির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মেহের নিউজ এজেন্সিও এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ইজরায়েলি বিমান হামলার ফলে তেহরানের একাধিক স্থানে আগুন লেগে যায়। যার মধ্যে ইরানের আণবিক এবং সামরিক কেন্দ্রগুলিও ছিল। এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত প্রধান আধিকারিকদের নিশানা করা হয়েছিল। হোসেন সালামি ছিলেন তাদের মধ্যে অন্যতম।
১৯৬০ সালে জন্ম হওয়া সালামি ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসে (আইআরজিসি) যোগদান করেন। ধীরে ধীরে তিনি নিজের দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে বাহিনীর ডেপুটি কমান্ডার পদে উন্নীত হন।
২০১৯ সালের ২১ এপ্রিল ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি তাঁকে মেজর জেনারেল মহম্মদ আলি জাফারির উত্তরসূরি হিসেবে আইআরজিসি-র কমান্ডার-ইন-চিফ পদে নিযুক্ত করেন। এরপর এদিন ইজরায়েলের হামলায় হোসেন সালামি নিহত হয়েছেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে ইজরায়েলের বিমান হামলায় ইরানের নাতাঞ্জে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইএইএ-র ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি এক্স-এ একটি বিবৃতিতে বলেছেন, আইএইএ ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমরা ইরানের কর্তৃপক্ষের সঙ্গে রেডিয়েশনের মাত্রা নিয়ে যোগাযোগ রাখছি।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই হামলাগুলি মূলত ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে।












Click it and Unblock the Notifications