Pahalgam: 'আশা করি, অপরাধীদের ধরতে ভারতের সাথে সহযোগিতা করবে পাকিস্তান', জানালেন জেডি ভ্যান্স
Pahalgam: পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত ও পাকিস্তানের প্রতি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি ভারতের প্রতি বৃহত্তর সংঘাত এড়ানোর জন্য সংযম প্রদর্শনের এবং পাকিস্তানের প্রতি তাদের ভূখণ্ডে সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভারতের সাথে সহযোগিতা করার অনুরোধ করেছেন।
ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, "জঙ্গি হামলার প্রত্যাঘাত করবে ভারত। কিন্তু আমাদের আশা, তার জেরে যাতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের জন্ম না হয়। এবং আমরা মনে করি, পাকিস্তান তাদের দায়িত্ব উপলব্ধি করে ভারতের সাথে সহযোগিতা করবে, যাতে তাদের মাটিতে থাকা জঙ্গিদের চিহ্নিত ও দমন করা যায়।"

উল্লেখ্য, পহেলগাঁওয়ের এই হামলা সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীর উপত্যকার অন্যতম ভয়াবহ ঘটনা। যেখানে পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা পর্যটকদের ওপর হামলা চালায় এবং ২৬ জন নিরীহ মানুষ নিহত হন। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত মাসে ভারত সফরকালে ভ্যান্স এই হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন এবং এক্স-এ একটি পোস্টে নিহতদের আত্মার শান্তি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছিলেন।
বৃহস্পতিবার, আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে পৃথকভাবে ফোনে কথা বলেছেন। রুবিও পাকিস্তানকে এই হামলার তদন্তে সহায়তা করার এবং অঞ্চলে উত্তেজনা প্রশমনে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, ভারত এই হামলার কড়া জবাব দেওয়ায় প্রতিশ্রুতি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর প্রথম প্রকাশ্য মন্তব্যে দৃঢ় এবং লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, "যদি কেউ কাপুরুষোচিত হামলাকে তাদের জয় মনে করে, তবে তাদের মনে রাখা উচিত এটি নরেন্দ্র মোদীর ভারত - এর প্রতিশোধ নেওয়া হবে, একটার পর একটা।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই সুরে জানান, দোষী ও তাদের মদতদাতাদের "পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত" খুঁজে বের করার অঙ্গীকার করেছেন। অন্যদিকে এই হামলার প্রতিক্রিয়ায় ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা, সমস্ত পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করা এবং পাকিস্তানি বিমানবাহী জাহাজগুলির জন্য ভারতীয় আকাশসীমা নিষিদ্ধ করা। তবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করার মতো পাল্টা পদক্ষেপ নিয়েছে।












Click it and Unblock the Notifications