ভারত বাংলাদেশ সম্পর্ক গঠনে তাঁর অবদান চিরস্মরণীয়, খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের অবসান। প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খালেদা জিয়ার অবদান শুধু বাংলাদেশের উন্নয়নেই নয়, ভারত ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যাণ্ডেলে শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, ঢাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি প্রার্থনা করেন, এই কঠিন সময়ে যেন ঈশ্বর তাঁদের শক্তি দেন।

প্রধানমন্ত্রী মোদী আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছিলেন। একই সঙ্গে ভারত ও বাংলাদেশ সম্পর্ককে দৃঢ় করতে তাঁর ভূমিকা ভবিষ্যতেও স্মরণ করা হবে।
২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথাও স্মরণ করেন মোদী। তিনি বলেন, সেই সাক্ষাৎ আজও তাঁর মনে উজ্জ্বল হয়ে রয়েছে। খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও উত্তরাধিকার আগামী দিনেও দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে বলেই আশা প্রকাশ করেন তিনি।
এদিন সকালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। বিএনপি সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সে সময় তিনি জানিয়েছিলেন, প্রয়োজন হলে ভারত সবরকম সহযোগিতার জন্য প্রস্তুত।
খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক মহলে যেমন শোকের ছায়া, তেমনই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিসরেও এই বিদায় এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে রইল।












Click it and Unblock the Notifications