New Pope: পরবর্তী পোপ কে হবেন? ভ্যাটিকানে পোপ নির্বাচন, ভোট দেবেন ৪ ভারতীয় কার্ডিনাল
New Pope: পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর, বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়ে শোকের ছায়া নেমে এসেছে। ভ্যাটিকান সিটিতে তাঁর শেষকৃত্যের প্রস্তুতি চলছে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কার্ডিনালরা সমবেত হবেন। নিয়ম মতে, পোপের মৃত্যুর কয়েক সপ্তাহ পর, বিশ্বের যোগ্য কার্ডিনাল, বিশপ এবং ভ্যাটিকান কর্তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয় নয়া পোপ। দীর্ঘদিন রোগভোগের পর পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর কে হবেন নতুন পোপ, সেই প্রশ্নই এখন সকলের মনে।
জানা গিয়েছে, ভারতের ক্যাথলিক চার্চ থেকে ৬জন কার্ডিনাল এই প্রক্রিয়ায় অংশ নেবেন। যাদের মধ্যে ৪ জন নতুন পোপ নির্বাচনে ভোট দিতে সক্ষম। এরা হলেন গোয়া ও দামনের আর্চবিশপ ফিলিপ নেরি ফেররাও, কেরালার সাইরো-মালাঙ্কারা ক্যাথলিক চার্চের মেজর আর্চবিশপ বাসেলিওস ক্লেমিস, হলি সি সেক্রেটারিয়েট অফ স্টেটের জার্নিস অফিসের প্রাক্তন প্রধান জর্জ কুভাক্কাদ এবং হায়দ্রাবাদের মেট্রোপলিটন আর্চবিশপ অ্যান্থনি পুলা।

অন্য দুই ভারতীয় কার্ডিনাল বয়সের কারণে বোম্বের প্রাক্তন আর্চবিশপ অসওয়াল্ড গ্রাসিয়াস এবং সাইরো-মালাবার চার্চের মেজর আর্চবিশপ এমেরিটাস কার্ডিনাল জর্জ অ্যালেনচেরি ভোটদানে অংশ নিতে পারবেন না। কারণ, তাদের বয়স ৮০ বছর অতিক্রম করেছে।
১৯৩৬ সালে জন্ম নেন জর্জ মারিও বার্গোগলিও। তিনি পোপ ফ্রান্সিস নামে পরিচিত, ল্যাটিন আমেরিকার প্রথম পোপ ছিলেন। দীর্ঘ অসুস্থতার পর ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে ইস্টার রবিবারেও তিনি জনসমক্ষে উপস্থিত হয়ে তাঁর দৃঢ় মনোবল প্রকাশ করেছিলেন। তবে এরপরের দিনই এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে। তিনি ৩৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন এবং শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন। সোমবার সকালে ভ্যাটিকান সিটিতে ৮৮ বছর বয়সে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যান।
কার্ডিনাল ফেরো বলেন, মৃত পোপের ভারতের প্রতি বিশেষ ভালোবাসা ছিল। পোপ ফ্রান্সিস একাধিকবার ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। যা ভারতের প্রতি তাঁর গভীর আগ্রহের প্রমাণ। পোপ ফ্রান্সিস, ভারতীয় কার্ডিনালদের প্রতি সম্মান প্রদর্শন করতেন। তিনি ভারতের ক্যাথলিক চার্চের গুরুত্ব স্বীকার করতেন। পোপ ফ্রান্সিসের আমলে ভারত থেকে মোট ৫ জনকে সন্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
তারা হলেন- ২৩শে নভেম্বর ২০১৪ তারিখে সেন্ট কুরিয়াকোজ এলিয়াস চাভারা এবং সেন্ট ইউফ্রেশিয়া এলুভাথিঙ্গাল, ১৪ই জানুয়ারী ২০১৫ তারিখে সেন্ট জোসেফ ভাজ, ১৩ই অক্টোবর ২০১৯ তারিখে সেন্ট মারিয়াম থ্রেসিয়া চিরামেল এবং ১৫ই মে ২০২২ তারিখে সেন্ট দেবাসাহাম পিল্লাই।
কার্ডিনাল অ্যালেনচেরি পোপ ফ্রান্সিসের জনমুখী মনোভাবের প্রশংসা করেন। তিনি দরিদ্র, প্রান্তিক এবং শরণার্থীদের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি দারিদ্র্য দূরীকরণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিয়েছেন। পোপ ফ্রান্সিসের প্রয়াণ বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি।












Click it and Unblock the Notifications