Elon Musk: ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বোমা ফাটালেন ইলন মাস্ক, সামনে এল নতুন তথ্য
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি 'বন্ধু' তথা মার্কিন শিল্পোদ্যোগী ইলন মাস্ককে অনেক সাহায্য করেছেন। তার পরেই মাস্ক পাল্টা দাবি করলেন যে, তিনি সাহায্য না করলে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিততেই পারতেন না! ট্রাম্পের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে 'বড় বোমা' ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন মাস্ক। বিতর্কিত 'এপস্টাইন ফাইলে' ট্রাম্পের নাম রয়েছে, সে কথা উল্লেখ করে দাবি করেছেন, শুধু এই কারণেই ফাইলটি প্রকাশ্যে আনা হয়নি।
সম্প্রতি, ট্রাম্পের 'জনকল্যাণমূলক' বিলকে 'জঘন্য পদক্ষেপ' বলে চিহ্নিত করে প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, "আমি ইলনের ব্যাপারে খুবই হতাশ। ওঁর সঙ্গে আর দারুণ সম্পর্ক থাকবে কি না জানা নেই।" এর জবাবে মাস্ক তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, "আমাকে ছাড়া ট্রাম্প নির্বাচনে লড়লে হারতেন। ডেমোক্র্যাটরা হাউসের দখল নিত। এবং রিপাবলিকানরা সেনেটে ৫১-৪৯ অবস্থানে থাকতেন।"

ট্রাম্পের এই মন্তব্যের পর ইলন মাস্ক আরও বলেছেন, "সত্যি সামনে আসবে।" প্রসঙ্গত, জেফ্রি এপস্টাইন নামের এক বিতর্কিত ব্যক্তির ঘনিষ্ঠ এক জনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন ভার্জিনিয়া গিফরে নামের এক মহিলা। চলতি বছরের গোড়ায় ওই ফাইলের একাংশ প্রকাশ্যে আনা হয়। কিন্তু মাস্ক ওই ফাইলের পুরো অংশ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন। শুধু তা-ই নয়, একটি সাক্ষাৎকারে প্রশ্নকর্তার সুরে সুর মিলিয়ে মাস্ক বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে 'ইমপিচ' (পদচ্যুত) করা উচিত এবং তাঁর জায়গায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে বসানো উচিত।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর শীর্ষ উপদেষ্টার পদ দিয়েছিলেন 'বন্ধু' ইলন মাস্ককে। তার আগে ট্রাম্পের নির্বাচনী সভায় মঞ্চে দেখা যায় মাস্ককে। সেখানে বাইডেনকে বিঁধে বর্ষীয়ান রিপাবলিকান নেতার জয়ধ্বনি দেন তিনি। দাবি করেন, আমেরিকার গণতন্ত্রকে রক্ষা করতেই ট্রাম্পকে জেতানো জরুরি। তিনি সকলকে সতর্ক করে বলেছিলেন, এবার ট্রাম্প না জিতলে এটা হবে আমেরিকার শেষ নির্বাচন। সাত মিনিটের ভাষণ শেষে তিনি স্লোগান দিয়েছিলেন, "ফাইট ফাইট ফাইট! ভোট ভোট ভোট!" কিন্তু সেই ট্রাম্পই মসনদে বসতে না বসতেই দু'জনের সম্পর্ক এই জায়গায় পৌঁছবে তা কার্যতই অকল্পনীয় ছিল। যা চূড়ান্ত আকার নিয়েছে ট্রাম্পের বিল নিয়ে মাস্কের মন্তব্যের পর।












Click it and Unblock the Notifications