ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে
তিন সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা সংঘর্ষের কারণে উত্তপ্ত পশ্চিম এশিয়া। আর এরকম পরিস্থিতির মাঝেই যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি যে, ইরান নাকি আমেরিকাকে একটি 'বড় এবং মূল্যবান উপহার' দিয়েছে, যা তেল-গ্যাস ও হরমুজ প্রণালীর সাথে জড়িত। তবে সেই উপহারটি কী, তা স্পষ্ট করে জানাননি ট্রাম্প।

তাঁর কথায়, ইরানের সাথে আমেরিকার যোগাযোগ চলমান এবং আলোচনাও ইতিবাচক দিক ধরেই এগোচ্ছে। তাঁর দাবি, তেহরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপার নিয়ে নীতিগতভাবে রাজি হয়ে গিয়েছে। এমনকি, যুদ্ধ শেষ করার জন্য চুক্তি করতেও তারা মরিয়া বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে আবার ইরান, এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের বক্তব্য যে, আমেরিকার সাথে সরাসরি ভাবে কোনোরকম আলোচনা হয়নি। শুধুমাত্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদানপ্রদান করেই আলোচনা হয়েছে।
সংঘর্ষের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত আটকে থাকার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। কারণ, পশ্চিম এশিয়ার তেল এবং গ্যাসের বড় অংশ এই প্রণালী দিয়েই বিভিন্ন দেশে পৌঁছয়। সেই কারণে এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে জ্বালানি সঙ্কটের আশঙ্কা অনেকটা রয়েছে।
আর এরই মধ্যে ট্রাম্প আরও দাবি করেছেন যে, বর্তমানে ইরানের শাসনব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং এই যুদ্ধে আমেরিকা কৌশলগতভাবে এগিয়ে রয়েছে। যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়েও আন্তর্জাতিক মহলে উঠছে প্রশ্ন।
অর্থাৎ, সমস্তটা মিলিয়ে একদিকে যখন ট্রাম্প আশাবাদী সুরে কথা বলছেন, অন্যদিকে আবার ইরানের অস্বীকৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর ফলে যুদ্ধ শেষের সম্ভাবনা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications