সাংহাই সম্মেলনে সন্ত্রাস নিয়ে কি তবে সবচেয়ে কঠোর অবস্থান নিল ভারত? জানুন
রাশিয়ার মাটিতে অনুষ্ঠিত এসসিও তথা সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে একেবারে নিঃশর্ত অবস্থান তুলে ধরলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিশ্ববাসীকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন সন্ত্রাসের কোনও রকম যুক্তি, ব্যাখ্যা বা সাদা ধোয়া চলবে না, প্রতিটি দেশকেই নিতে হবে কঠোর, সমন্বিত পদক্ষেপ।
জয়শঙ্কর বলেন, ''সন্ত্রাসবাদকে কোনও প্রকারেই প্রশ্রয় দেওয়া যায় না। ভারত তার নাগরিকদের সুরক্ষায় যে কোনও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ও নেওয়ার অধিকার রাখে।'' তিনি জোর দিয়ে জানান, আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাস দমনে কোনও ফাঁকফোকর রাখা যাবে না।

বৈঠকের প্রেক্ষাপট আরও তাৎপর্যপূর্ণ, কারণ কয়েকদিন আগেই লালকেল্লার কাছে ১০ নভেম্বরের গাড়ি বিস্ফোরণকে কেন্দ্রীয় সরকার 'সন্ত্রাসী হামলা' হিসেবে ঘোষণা করেছে ও তদন্তের দায়িত্ব দিয়েছে এনআইএকে।
এদিন তিন দিনের রাশিয়া সফর শুরু করেছেন জয়শঙ্কর। মস্কো পৌঁছেই তিনি বৈঠক করেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, ব্রিকস, এসসিও, জি ২০ সহ একাধিক আন্তর্জাতিক মঞ্চে সহযোগিতা সর্বত্রই আলোচনা হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা।
আলোচনায় উঠে এসেছে ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার অস্থিরতা, আফগানিস্তানের পরিস্থিতিও। বিশ্বের অশান্ত প্রেক্ষাপটে স্বচ্ছ ও খোলামেলা মতবিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ভারতীয় বিদেশমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, ''যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির লক্ষ্যে যে কোনও আন্তর্জাতিক প্রচেষ্টাকে ভারত সমর্থন জানায়''।
ভারত ও রাশিয়া সম্পর্ককে আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে দীর্ঘদিনের ''স্থিতিশীলতার স্তম্ভ'' বলে উল্লেখ করে জয়শঙ্কর বলেন দুই দেশের মধ্যে সহযোগিতা যেমন পরস্পরকে উপকৃত করে, তেমনই বৈশ্বিক স্থিতিশীলতাকেও শক্তিশালী করে।












Click it and Unblock the Notifications