আম্ফানের তাণ্ডবে জেরবার বাংলাদেশও, সেদেশে সুপার সাইক্লোনের বলি হলেন ৭ জন
আম্ফানের জেরে বাংলাদেশে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গতকাল সন্ধে পর্যন্ত পাটুয়াখালি, সাতক্ষীরা, পিরজপুর, ভোলা এবং বারগুনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের গতিবেগ ছিল ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এক পুলিশ কমিশনার এসএম মোস্তাফা কামাল জানিয়েছেন, তীব্র ঝড়ে গাছ ভেঙে পড়ে সাতক্ষীরায়। গাছের নিচে চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

বাংলাদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন-এ
বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলীয় জেলা-উপজেলাতেও জনজীবন বিদ্ধস্ত। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন-এ। আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড় আম্ফান দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে যাবে।

অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ের তালিকায় রয়েছে এটি
গতি হারিয়ে এখন কিছুটা দুর্বল হয়েছে আম্ফান। সুপার সাইক্লোনের তকমা মুছলেও, এখন অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ের তালিকায় রয়েছে এটি। গতকাল প্রবল ঝড়-বৃষ্টির জেরে বহু বাড়ির চাল উড়ে গেছে। জলের তোড়ে ভেসে গেছে বহু এলাকা। গাছ ভেঙে পড়েছে।

কমানো হয়েছে বিপদ সংকেত
দুর্বল হওয়ার কারণে কমানো হয়েছে বিপদ সংকেত। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে এর প্রভাবে বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় জলমগ্ন বহু এলাকা। সাগর উত্তাল। আম্ফান শক্তি হারালেও, ঘূর্ণিঝড়র কারণে জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

১৫০০০ ক্যাম্পে আশ্রয় বহু মানুষের
বাংলাদেশ সরকার ২৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গেছে। ১৫০০০ ক্যাম্পে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও প্রায় ১০০ রোহিঙ্গাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বহু চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশের বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
বাংলাদেশের কৃষি দপ্তরের আধিকারিক মিজানুর রহমান খান বলেন, 'চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে।' অন্যদিকে বাংলাদেশের বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব মিলিয়ে সেদেশে ৭ জনের মৃত্যু হয়েছে আম্ফানের জেরে।












Click it and Unblock the Notifications