শুল্ক আরোপের হুমকি দিতেই ‘ভেঙে গিয়েছে ব্রিকস’, ফের ডলারের বিকল্প ইস্যুতে বিস্ফোরক ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন যে, ব্রিকস (BRICS) দেশগুলোর মধ্যে আর কোনো ঐক্য নেই। তার মতে, তিনি যখন ব্রিকস দেশগুলোকে ডলারের মূল্য হ্রাস করার হুমকি দিয়েছিলেন, তখনই এই আন্তর্জাতিক সংগঠনটি ভেঙে পড়েছে।
প্রসঙ্গত, ১০ সদস্যের ব্রিকসের অন্যতম সদস্য ভারতও। ডলারের মূল্য হ্রাস করার চেষ্টার জবাবে ১৫০% শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছিল ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। আর তারপরই নাকি ব্রিকস (BRICS) ভেঙে গেছে।

- ব্রিকস কী?
ব্রিকস একটি আন্তঃসরকারি সংস্থা যেখানে বর্তমানে ১০টি দেশ অন্তর্ভুক্ত। তার মধ্যে রয়েছেন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহী।
ট্রাম্পের কথা অনুযায়ী, ব্রিকস দেশগুলো মার্কিন ডলারকে দুর্বল করার চেষ্টা করছিল এবং একটি নতুন মুদ্রা চালু করতে চেয়েছিল। তিনি বলেন, "যেকোনো ব্রিকস রাষ্ট্র যদি ডলার ধ্বংস করার কথা ভাবে, তাহলে তাদের উপর ১৫০% শুল্ক আরোপ করা হবে। আমরা চাই না যে তাদের পণ্য এখানে আসুক। আর এরপরই ব্রিকস ভেঙে গেছে"।
ট্রাম্প আরও বলেন, "১৫০% শুল্কের হুমকির পর থেকে ব্রিকস সম্পর্কে আর কিছু শোনা যায়নি। আমি জানি না তাদের কী হয়েছে, সম্প্রতি তাদের কাছ থেকে কোনও খবর পাইনি"।
এর আগে ১৩ ফেব্রুয়ারি, ট্রাম্প ব্রিকস দেশগুলিকে সতর্ক করে বলেছিলেন, "যদি তারা ডলার নিয়ে খেলা করতে চায়, তাহলে আমেরিকা তাদের উপর ১০০% শুল্ক আরোপ করতে পারে"।
তিনি বলেন, "ব্রিকস বলে আর কিছু নেই। যদি তারা মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোনও মুদ্রা ব্যবহার করতে চায়, তাহলে আমেরিকা সেই দেশগুলোর সঙ্গে বাণিজ্য করবে না"।
২০২৩ সালে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, "ব্রিকস দেশগুলিকে জাতীয় মুদ্রায় লেনদেন সম্প্রসারণ করতে হবে এবং ব্যাংকগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হবে"।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য নির্বাচনী প্রচারের অংশ এবং ব্রিকস দেশগুলো এখনও সক্রিয় রয়েছে। তবে মার্কিন নীতির কারণে ব্রিকস সদস্যরা ভবিষ্যতে কী পদক্ষেপ নেবে, সেটাই দেখার বিষয়।












Click it and Unblock the Notifications