Indonesia Joins BRICS: পূর্ণ সদস্য হিসেবে ব্রিকসে যোগ দিল ইন্দোনেশিয়া, ঘোষণা ব্রাজিল সরকারের
Indonesia Joins BRICS: ব্রিকসের পূর্ণ সদস্য (full member) হিসেবে যোগ দিল ইন্দোনেশিয়া। সোমবার এক বিবৃতিতে এমনই ঘোষণা করল ব্রাজিল সরকার (Brazil Govt)। ২০২৩ সালে জোহানেসবার্গের সামিটেই (BRICS Summit) ইন্দোনেশিয়ার ব্রিকসে যোগদানে অনুমোদন দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ব্রাজিলের বিদেশমন্ত্রক। ২০২৫ থেকে পাকাপাকিভাবে জোটের পূর্ণ সদস্য হিসেবে স্থান পাচ্ছে ইন্দোনেশিয়া।
জনসংখ্যার বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া। আগে থেকেই তারা ব্রিকসে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিল। উন্নতশীল দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে শক্তি বৃদ্ধি ও 'গ্লোবাল সাউথ'-এর (Global South) স্বার্থ রক্ষার লক্ষ্যে ব্রিকসে যোগ দিল ইন্দোনেশিয়া। ২০২৫ সালে ব্রিকস দেশগুলির সভাপতিত্ব করছে ব্রাজিল। তারা জানিয়েছে, জোটের বাকি সদস্য দেশগুলিও ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তিতে সায় দিয়েছে।

২০২৩ সালে ইন্দোনেশিয়া ব্রিকসে যোগদানের অনুমোদন পেলেও নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত দায়িত্ব গ্রহণের পরই আনুষ্ঠানিকভাবে যোগদান করছে দেশটি। গত অক্টোবরেই প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করেন প্রাবোও। ব্রাজিলের বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়, ব্রিকসের অন্যান্য সদস্য দেশগুলির সঙ্গে গ্লোবাল সাউথে সহযোগিতা আরও নিবিড় করতে ইতিবাচক ভূমিকা পালন করবে ইন্দোনেশিয়া।
২০০৯ সালে গঠিত হয় ব্রিকস। প্রতিষ্ঠাতা দেশগুলি হল ব্রাজিল, রাশিয়া, ভারত ও চিন। ২০১০ সালে তাতে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। গত বছর ব্রিকসের পূর্ণ সদস্যের সংখ্যা আরও সম্প্রসারিত হয়। ইরান, মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরশাহী পূর্ণ সদস্য হিসেবে ব্রিকসে যোগ দেয়। এবারের সভাপতিত্বের দায়িত্ব পেয়ে এই সমস্ত দেশগুলির মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করা ও বহুপাক্ষিক প্রাতিষ্ঠানিক সংস্কার আনার লক্ষ্যমাত্রা নিয়েছে ব্রাজিল।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও অবশ্য জানিয়েছেন, ব্রিকস দেশগুলির মধ্যে বাণিজ্যের লেনদেন সংক্রান্ত উপায়ে বদল আনাও লক্ষ্য রয়েছে। গত ২০২৪ সালের নভেম্বরেই রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলি ডলারের বিকল্প মুদ্রায় লেনদেনের কথা আলোচনায় তুলেছিল। ডলারের পরিবর্তে আঞ্চলিক মুদ্রায় লেনদেন করলে সমস্যা এড়ানো যাবে বলেও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।
ব্রিকস দেশগুলির সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ব্রিকস দেশগুলি যদি ডলারের পরিবর্তে অন্য মুদ্রায় বাণিজ্য করে, তাহলে তাদের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া চাপানো হবে। প্রসঙ্গত, চলতি বছরে জুলাই মাসে ব্রাজিলের রিও দি জেনেইরোতে হতে চলেছে ব্রিকস সম্মেলন।












Click it and Unblock the Notifications