ভিসা নিয়ে বড় ঘোষণা! H-1B ও H-4 নিয়ে নয়া নির্দেশিকা জারি, কারা সমস্যায় পড়বেন? কী বলছে ট্রাম্প প্রশাসন
আমেরিকায় কাজ করার জন্য যাঁরা H-1B ভিসার উপর ভরসা করেন, তাঁদের জন্য ফের দুশ্চিন্তার খবর। মার্কিন সরকার জানিয়েছে যে, এবার থেকে H-1B ভিসা এবং সেই ভিসার সঙ্গে যুক্ত H-4 ভিসাধারীদের সমাজ মাধ্যম অ্যাক্টিভিটি এবং অনলাইন উপস্থিতি আরও খুঁটিয়ে দেখা হবে। আর এই নিয়ম কোনও একটি দেশের জন্য নয়, বরং বিশ্বজুড়ে সব আবেদনকারীর ক্ষেত্রেই তা প্রযোজ্য।

গতকাল এক্স (X)-এ দেওয়া এক বার্তায় ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে যে, এই বাড়তি যাচাই নতুন কিছু নয়। ভিসা দেওয়ার যে নিয়মিত প্রক্রিয়া আছে, তার মধ্যেই এই পরীক্ষা রাখা হয়েছে। দূতাবাসের মতে, এতে একদিকে যেমন ভিসার অপব্যবহার কমানো যাবে, তেমনই অন্যদিকে প্রকৃত যোগ্য কর্মীদের নিয়োগেও কোনও সমস্যা হবে না। তবে, বাস্তবে যে এর প্রভাব পড়তে শুরু করেছে, তা বহু আবেদনকারী ইতিমধ্যেই বুঝতে পারছেন। সাম্প্রতিক দিনে ভারতের বিভিন্ন জায়গায় থাকা H-1B আবেদনকারীরা ই-মেল পাচ্ছেন, যেখানে জানানো হচ্ছে যে, আগে ঠিক করা ভিসা সাক্ষাৎকার বাতিল। নতুন করে যে তারিখ দেওয়া হচ্ছে, তা এখন নয়, আবার কয়েক মাস পরের। ফলে বড় সমস্যায় পড়েছেন অনেকেই।
বিশেষজ্ঞদের মতে, এই কড়াকড়ি ব্যবস্থা হঠাৎ করে শুরু হয়নি। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই আমেরিকার ভিসা নীতিতে ধীরে ধীরে কড়া মনোভাব দেখা যাচ্ছে। শুধু H-1B নয়, ছাত্র ভিসা F-1 অথবা এক্সচেঞ্জ ভিসা J-1, সমস্ত ক্ষেত্রেই নজরদারি বেড়েছে।
ডিসেম্বর মাসে কাজের ভিসা নবীকরণ করার জন্য ভারতে আসা অনেক ভারতীয় পেশাদার এখন আটকে রয়েছেন। নতুন সাক্ষাৎকারের তারিখ এতটাই দেরিতে দেওয়া হচ্ছে যে, অনেকের চাকরি, পরিবার এমনকি ভবিষ্যৎ পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই প্রশ্নের উত্তর আপাতত কারও কাছেই নেই।












Click it and Unblock the Notifications