Chinmoy Krishna Bail Denied: ফের খারিজ জামিনের আবেদন, চিন্ময় প্রভুকে জেলেই রেখে দেবে বাংলাদেশ!
Chinmoy Krishna Bail: চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন মঞ্জুর হল না। ২ জানুয়ারির শুনানিতে ফের জামিনের আর্জি খারিজ হয়ে গেল চট্টগ্রাম আদালতে। অর্থাৎ ফের জেলেই থাকতে হবে ইসকনের সন্ন্যাসীকে। ২৫ নভেম্বর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। একমাসেরও বেশি সময় ধরে বিনা বিচার প্রক্রিয়ায় জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু।
আদালতে এদিন শান্তিপূর্ণই শুনানি হয়েছে বলে জানা গিয়েছে। চিন্ময় প্রভুর হয়ে এদিন বাংলাদেশ সুপ্রিমকোর্টের ১১ জন আইনজীবী সওয়াল করেন। এর আগে মৌলবাদীদের ভয়ে তাঁর হয়ে দাঁড়াতেই পারেননি কোনও আইনজীবী। তবে এবারে আইনজীবী সওয়াল করলেও শেষরক্ষা হল না। জামিন খারিজ করে দেওয়া হল চিন্ময় প্রভুর।

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে ২৬ নভেম্বর জেলবন্দি হন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। শেষবার তাঁর হয়ে রবীন্দ্র ঘোষ দাঁড়ালেও ওকালতনামার যুক্তি দেখিয়ে জামিন খারিজ করে দেওয়া হয়। অসুস্থ আইনজীবী বর্তমানে চিকিৎসা করাতে কলকাতায় রয়েছেন। বাংলাদেশের সুপ্রিমকোর্টের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে ১১ জনের আইনজীবীর দল এদিন চিন্ময়ের হয়ে চট্টগ্রাম আদালতে সওয়াল করেন।
চিন্ময় প্রভুর থেকে ওকালতনামা সংগ্রহ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী। সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ায় স্থানীয় আইনজীবীর পরামর্শর প্রয়োজন নেই বলে সাফ জানিয়েছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্য। এদিন চট্টগ্রাম আদালতের তরফে অবশ্য জানানো হয়, সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের যাবজ্জীবনের সাজার বিধান রয়েছে।
ইউনূসের আমলে বাংলাদেশে বিচারের নামে কার্যত প্রহসন চলছে। বিচার প্রক্রিয়া ছাড়াই, শুনানি ছাড়াই রাষ্ট্রদ্রোহী তকমা দিয়ে চিন্ময় প্রভুকে জেলে রেখে দিতে চায় বাংলাদেশ? নতুন বছরে চিন্ময় প্রভু জামিন পাবেন, এমনটাই আশা করেছিলেন সকলে। যদিও তা না হওয়ায় ভেঙে পড়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের। খুবই দুর্ভাগ্যের বিষয়, সন্ন্যাসীর জায়গা জেলে নয় বলে জানান তিনি।
নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় এবার উচ্চ আদালতে জামিনের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন আইনজীবী অপূর্ব ভট্টাচার্য। এদিন একইসঙ্গে চট্টগ্রামের আদালতের শুনানির একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা। তবে ভিডিয়োতে আদালতের ভেতর চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছে বলে দাবি। কার্যত একপক্ষের নির্দেশের জোরজুলুমে বাংলাদেশের আদালতে রায় ঘোষণা করা হচ্ছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications