Sheikh Hasina: জমি আত্মসাৎ! হাসিনা, কন্যা পুতুল-সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বাংলাদেশের আদালতের
Bangladesh: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল-সহ মোট ১৭ জনের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। ঢাকার শহরতলিতে বিভিন্ন বেআইনি উপায়ে জমি আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এনিয়ে তদন্তে নেমে বৃহস্পতিবার আদালতে চার্জশিট জমা দিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ওরফে ACC। চার্জশিট গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব।
অভিযুক্তরা ফেরার হওয়াতেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মীর আহমেদ সালাম জানান, ৪ মে তদন্ত কমিশনকে রিপোর্ট জমা দিতে বলেছেন আদালতের বিচারক। ঢাকার অনতিদূরে পূর্বাচল এলাকায় রাষ্ট্র পোষিত সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজুক)-এর মাধ্যমে ওই জমি আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। গত ১২ জানুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে এসিসি।

চার্জশিটে দাবি করা হয়েছে, মা প্রধানমন্ত্রী থাকাকালীন অসৎ উপায়ে হাসিনা কন্যা পুতুল ওই জমি অধিগ্রহণের জন্য জোর করেন। তাদের পারিবারিক জমি থাকা সত্ত্বেও রাজধানী ঢাকার উপকণ্ঠে ওই জমি দখল করা হয়। এমনকী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজুক)-কে কিছু না জানিয়েই সম্পূর্ণ বেআইনি ভাবে জমি আত্মসাৎ করা হয় বলে অভিযোগ।
বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর পদে কর্মরত পুতুল। ২০২৩ সালের ১ নভেম্বর থেকে নয়াদিল্লিতে কর্মরত তিনি। এদিকে গত ৫ অগাস্ট তীব্র অচলাবস্থার মাঝে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেই থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন তিনি। এর আগে ২টি গ্রেফতারি পরোয়ানা জারি হয় শেখ হাসিনার বিরুদ্ধে।
বুধবারই শেখ হাসিনার বিরুদ্ধে নতুন একটি মামলায় তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। মুজিব রহমানের শতবর্ষ উদযাপনে বাংলাদেশি মুদ্রায় ৪০০০ কোটি টাকার অপব্যবহারের অভিযোগে হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ওই মামলায় অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও এক প্রাক্তন সরকারি আধিকারিককেও। কমিশনের অভিযোগ, ওই টাকা জাতীয় রাজকোষ থেকেই খরচ করা হয়েছিল।












Click it and Unblock the Notifications