বারবার হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ, পিছনে কোন কুমতলব ইউনূসের
India-Bangladesh: শেখ হাসিনাকে এবার ফেরত দিন। নথি পাঠিয়ে ভারতকে বলল বাংলাদেশ। গত কয়েকমাস ধরে ভারতের আশ্রয়ে রয়েছেন মুজিবকন্যা। ইতিমধ্যে তাঁকে ফেরত পাঠানোর আর্জি জানিয়ে ভারতকে চিঠি দেয় অন্তবর্তী সরকার। কিন্তু সে বিষয়ে এখনও পর্যন্ত ভারত কোনও বার্তা দেয়নি। এবার 'বন্দি বিনিময় চুক্তি' সংক্রান্ত নথি পাঠিয়ে হাসিনাকে হাতে তুলে দেওয়ার আর্জি বিদেশমন্ত্রককে জানাল বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বাংলাদেশ বিদেশমন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, ভারত এবং বাংলাদেশ (India-Bangladesh) বন্দি বিনিময় চুক্তি আছে। আর সেউ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনাতে প্রয়োজনীয় নথিপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে। রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় সিদ্ধান্তেই এ কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন রফিকুলসাহেব। এখনও পর্যন্ত যা খবর, এই বিষয়ে ভারতের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি।

তবে এদিন তাৎপর্যপূর্ণ ভাবে রাষ্ট্রপুঞ্জের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের কথা তুলে ধরে ভারতকে বার্তা দিয়েছে বাংলাদেশ। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম আরও জানান, সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ যে রিপোর্ট প্রকাশ্যে এনেছে তা যে কোনও মানুষের বিবেকে নাড়া দেবে। প্রতিবেশী ভারতও সেই বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন মুখপাত্র।
শুধু সরকারের তরফেই নয়, এদিন বিএনপির তরফেও শেখ হাসিনাকে ভারত যাতে ফেরত দেয় সেই আবেদন জানানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন সে দেশে সাংবাদিকদের মুখোমুখি হন। আর সেই বৈঠক থেকে হাসিনাকে তীব্র আক্রমণ শানান। 'ফ্যাসিস্ট' বলেও আক্রমণ শানান। বলেন, ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দিক। শুধু তাই নয়, অবিলম্বে তাঁকে বিচারের মুখোমুখি করা হয় সেই আবেদনও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের হিংসা, খুন এবং নির্বিচারে গুলি চালানোর ঘটনায় হাসিনাকে কাঠগড়ায় তুলেছে রাষ্ট্রপুঞ্জ। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেখানে সাধারণ মানুষের উপর গুলি চালানো, একের পর এক মৃত্যু যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘটেছে বলে দাবি করা হয়েছে।
আর এই রিপোর্ট সামনে আসতেই কার্যত মুজিবকন্যার যে চাপ বেড়েছে তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর মধ্যেই তাঁকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের (India-Bangladesh) বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications