বিস্ফোরণে জ্বলছে সেনা বাস, পড়ে রয়েছে সেনাদের দেহ, কনভয় হামলার ভিডিও প্রকাশ BLA-এর!
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তানে আধাসামরিক বাহিনীর কনভয়ে সন্ত্রাসী হামলার একটি ভিডিও এবার প্রকাশ্যে আনল বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA)। ভয়ঙ্কর সেই ভিডিও কার্যত হাড়হিম করবে সাধারণের।
নৃশংসতার কার্যত চরম সীমায় রয়েছে বালোচ। আর তারই প্রমাণ বারে বারে দিচ্ছে তারা। এই হামলার ভিডিও রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে ১৬ মার্চ নওশকি জেলায় এক বাসে বোমা বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।

হামলার ভিডিওতে কী দেখা যাচ্ছে?
ভিডিওটিতে দেখা গেছে, বিস্ফোরণের পর বাস থেকে কালো ধোঁয়া উঠছে। শেষ অংশে পোড়া বাসের ধ্বংসাবশেষ ও আহতদের দৃশ্য ফুটে উঠেছে। স্থানীয় সূত্র অনুসারে, এতে কমপক্ষে ১১ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
যদিও এই হামলা প্রসঙ্গে BLA-এর দাবি, তারা ৯০ জন পাকিস্তানি সেনাকে এই ভাবেই হত্যা করেছে। তবে পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি মাত্র ৫ জনের মৃত্যু হয়েছে। আবার রয়টার্সের প্রতিবেদনে এই হামলা প্রসঙ্গে বলা হয়েছে, ৩০ জনের বেশি আধা সামরিক সদস্য আহত।
পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদী হামলা
এই হামলার কয়েকদিন আগেই BLA পাকিস্তানের একটি যাত্রীবাহী ট্রেন 'জাফর এক্সপ্রেস' হাইজ্যাক করে ৩০ ঘণ্টারও বেশি সময় যাত্রীদের পণবন্দী করে রেখেছিল। তারপর গত শনিবার পাকিস্তানি সেনাবাহিনীর কনভয়ে ভয়াবহ হামলা চালায় বালোচ জঙ্গিরা। শনিবার সকাল ৯টা নাগাদ কনভয়ে থাকা গাড়িতেই বোমা বিস্ফোরণ ঘটে। একাধিক জওয়ানের মৃত্যু হয়। যদিও এব্যাপারে বিশদে প্রশাসন কিছুই জানায়নি। তার ঠিক আগের দিন শুক্রবার পাকিস্তানে রেললাইন পরিষ্কার করার সময় পাকিস্তানি সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের টার্গেট করে হামলা চালানো হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দেশটি বর্তমানে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের মুখোমুখি। ক্রমাগত হামলার শিকার হয়ে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনীরা প্রত্যেকে। এই ঘটনার ফলে পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থার আরও জোরদার করা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, তবে তা কবে তার কোনও সঠিক তথ্য মেলেনি।












Click it and Unblock the Notifications