Bangladesh: ঢাকার অদূরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে আগুন মৌলবাদীদের, ইউনূসকে রাজধর্ম মনে করালেন প্রধান বিচারপতি
Bangladesh: বাংলাদেশের আরও এক মন্দিরে (Hindu Temple) মৌলবাদীদের হামলা। রাজধানী ঢাকার (Dhaka) অদূরে ধর গ্রামে হিন্দু মন্দিরে হামলা চালানো হয়েছে বলে খবর সূত্রের। ঢাকা থেকে উত্তর দিকে অবস্থিত ওই গ্রামের মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে আগুন জ্বালিয়ে (Set Fire) দেওয়া হয় বলে জানা গিয়েছে।
সংবাদসংস্থা পিটিআইকে হামলার কথা জানান কলকাতা ইসকনের (ISKCON) ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। দেবদেবীদের মূর্তি ও মন্দিরের একাংশে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। বলেন, "হিন্দু মন্দিরে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে একাধিক মূর্তি। বৈষ্ণব সম্প্রদায়ের উপর লাগাতার আক্রমণ চালানো হচ্ছে বাংলাদেশে।"

গভীর রাতে প্রায় ২টো থেকে ৩টের মধ্যে মন্দির আগুনে জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রাধারমণ দাসের। মন্দিরের টিনের চালে পেট্রল জাতীয় তরল ঢেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। ঢাকার তুরাগ থানার অধীনস্ত ওই এলাকা। মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় লক্ষ্মী নারায়ণের মূর্তি-সহ একাধিক সামগ্রী পুড়ে গিয়েছে বলে অভিযোগ রাধারমণ দাসের।
মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরের পরিচালনার দায়িত্বে রয়েছেন ওই গ্রামেই অবস্থিত অপর একটি হিন্দু মন্দিরের সুপারভাইজার বাবুল ঘোষ ও তাঁর পরিবার। তিনি এদিন জানান, এর আগেও লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তাঁর অনুপস্থিতিতে হামলাকারীরা এর আগে মন্দিরের দেবদেবীর মূর্তিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল বলে অভিযোগ বাবুল ঘোষের। তড়িঘড়ি বাড়ি ফিরে গ্রামের সকলে মিলে সেবারে আগুন নেভান বলে জানান তিনি।
এদিকে, নাম না করে ইউনূসকে রাজধর্ম মনে করিয়ে দিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, "কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।" একাত্তরের মুক্তিযোদ্ধাদেরও স্মরণে রাখার পরামর্শ প্রধান বিচারপতির।
শুনানি পিছিয়ে যাওয়ায় আরও এক মাস জেলে থাকতে হচ্ছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে। আইন হাতে তুলে নিয়ে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চালাচ্ছে মৌলবাদীরা। ইউনূসের সরকার কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে। এরই মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
গতকালই বাংলাদেশের নেত্রকোণা জেলার কালীমন্দিরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে মৌলবাদীদের বিরুদ্ধে। এদিকে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে জেল থেকে মুক্তি দেওয়ার আবেদন জানাল ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন। আর্জি জানিয়ে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে চিঠি মিশন কর্তৃপক্ষের। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দের।












Click it and Unblock the Notifications